আজকাল ওয়েবডেস্ক: বড় ধাক্কার মুখে গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন তারকা ক্রিকেটার। ২০২৬-২৭ মরশুমের তালিকা প্রকাশিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে বেশ কয়েকটি বড় নাম নেই। আগস্ট থেকে পরের এক বছরের মধ্যে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সামনে এতগুলো টেস্ট থাকায়, টেস্ট বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েল ছাড়াও তরুণ ব্যাটার স্যাম কনস্টাস ক্রিকেট অস্ট্রেলিয়ার ২১ জনের প্লেয়ারদের তালিকায় জায়গা পায়নি। ৩১ বছরের ওপেনার জেক ওয়েদারাল্ডকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ম্যাট শর্ট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকায় কয়েকটা চমক রয়েছে। তালিকায় জায়গা পাননি ফাস্ট বোলার জাই রিচার্ডসনও। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, 'পরের ১২ মাসে আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে। বিভিন্ন কন্ডিশনে খেলার চ্যালেঞ্জ নিতে হবে। সেটা মাথায় রেখে তালিকা পেশ করা হয়েছে।' আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া টেস্টের সিরিজ দিয়ে শুরু। এরপর তিনটে একদিনের ম্যাচ খেলতে জিম্বাবোয়েতে যাবে দল।
সেপ্টেম্বর এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় তিনটে টেস্ট এবং একদিনের ম্যাচ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে দেশে ফিরবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারপরের ১৪ সপ্তাহে খেলবে দশটি টেস্ট। ডিসেম্বর এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে চারটে টেস্ট আছে। তারপর ২১ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে শুরু টেস্ট সিরিজ। ২০২৭ মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্ষিকী টেস্ট দিয়ে শেষ। সেই কারণেই টেস্ট খেলিয়ে প্লেয়ারদের ওপর জোর দেওয়া হয়েছে।
















