আজকাল ওয়েবডেস্ক: গ্লাসগো কমনওয়েলথ গেমসের নবম দিনে ভারতীয়দের জয়জয়কার। ইতিহাস গড়লেন ভারতের দুই জুডোকা হর্ষ সিং এবং অস্মিতা দে। নিজেদের বিভাগে সোনার পদক জিতে কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় পুরুষ এবং মহিলা জুডোকা হিসেবে স্বর্ণপদক জয়ের নজির গড়লেন তাঁরা। যার ফলে জুডোতে ভারতের দীর্ঘদিনের সোনার অপেক্ষারও অবসান ঘটল। কমনওয়েলথে ত্রিপুরার অস্মিতার হাত ধরে জুডোতে প্রথম সোনার পদক জয় ভারতের। মেয়েদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইদি কোয়াছকে হারান ২৩ বছরের জুডোকা।
২০০৩ সালের ২২ মার্চ দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় জন্ম অস্মিতার। বাবার সাইকেল সারাইয়ের দোকান আছে। সুতরাং, পথ মসৃণ ছিল না। ফাইনালে পিছিয়ে পড়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তাঁর জীবনের শুরুটা অ্যাথলেটিক্স দিয়ে হয়। ৮০০ মিটার রেসে অংশ নেন। তারপর একজন কোচের হাত ধরে জুডোতে পদার্পণ। ২০১৫ সালে ত্রিপুরা স্পোর্টস স্কুলে যোগ দেন। প্রথমে বিনা দেবনাথের কাছে প্রশিক্ষণ নেন। তারপর মানিক লাল দেবের অধীনে টেনিং করেন। এরপর স্কুল গেমস এবং খেলো ইন্ডিয়াতে নজর কাড়েন। তারপর ভোপালের সাইয়ে যোগ দেন। ২০২২ সালের জুলাইয়ে প্রথম আন্তর্জাতিক পদক। এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। ২০২৪ কমনওয়েলথ জুডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু এবার সোনা জিতে গড়লেন নতুন রেকর্ড।
অন্যদিকে বক্সিংয়ে দুর্দান্ত ছন্দ বজায় রাখেন ভারতীয় বক্সাররা। প্রীতি পাওয়ার, অঙ্কুশ পাংঘাল, জ্যাসমিন ল্যাম্বোরিয়া, যদুমণি সিং এবং অরুন্ধতী চৌধুরী শনিবারের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন।এছাড়াও আরও পাঁচ ভারতীয় বক্সার সেমিফাইনালে খেলবেন। সেমিফাইনালে ওঠার সুবাদে তাঁরা প্রত্যেকেই দেশের জন্য অন্তত একটি করে পদক নিশ্চিত করেছেন। দিনের অন্যতম আকর্ষণ হিসেবে নামবেন প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে স্বর্ণপদকের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের তারকা অ্যাথলিট।
এদিন জুডোয় জোড়া সোনার ফলে, ভারতের পদক সংখ্যা বাড়ল। এখনও পর্যন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ১৯টি পদক। এর মধ্যে রয়েছে ৫টি সোনা, ১০টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। পাশাপাশি ভারত ইতিমধ্যেই অন্তত আরও ১১টি পদক নিশ্চিত করেছে। এর মধ্যে বক্সিং থেকে ১০টি এবং জুডো থেকে একটি পদক আসা নিশ্চিত। বর্তমানে পদক তালিকায় ভারত অষ্টম স্থানে রয়েছে।
















