আজকাল ওয়েবডেস্ক: বইমেলায় নজির বাংলার ফুটবল সংস্থার। দীর্ঘ বছরের ইতিহাসে এই প্রথম রাজ্যের কোনও ক্রীড়াসংস্থা বইমেলায় স্টল করল। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আইএফএ স্টলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার।
কলকাতা বইমেলার ইতিহাসে এই প্রথম কোনও রাজ্য ক্রীড়াসংস্থা বইমেলায় নিজেদের স্টল করল। ২৭৬ নম্বর স্টলে পাওয়া যাবে সদ্য প্রকাশিত কিক অফ ইয়ারবুক ২০২৪-২৫। এছাড়াও থাকছে বিভিন্ন খ্যাতনামা ক্রীড়া সাংবাদিকদের লেখা বইয়ের সম্ভার। স্টল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝা, মহম্মদ জামাল, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি সহ অন্যান্যরা।
