আজকাল ওয়েবডেস্ক: অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। চলতি আইপিএলের ফাইনালে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। এর আগে প্রথম কোয়ালিফায়ারে একতরফা ম্যাচে পাঞ্জাবকে আট উইকেটে হারিয়েছিল রজত পাতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু। কিন্তু শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচ নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা ক্রিকেটবিশ্ব।

মেগা ফাইনালে ট্রফি জেতার দৌড়ে এগিয়ে কারা? ভবিষ্যদ্বাণী পেতে একাধিক AI প্ল্যাটফর্ম যেমন X-এর Grok, গুগলের Gemini এবং ChatGPT কে প্রশ্ন করা হয়েছিল—কে জিতবে আজকের ফাইনাল? আশ্চর্যের বিষয়, তিনটি প্ল্যাটফর্ম ভবিষ্যদ্বাণী করেছে একসুরেই। এবারের আইপিএল ট্রফি উঠতে চলেছে বেঙ্গালুরুর হাতেই। গ্রক-এর মতে, আরসিবি অনেকটাই এগিয়ে রয়েছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে মাত্র ১০১ রানে অলআউট করে ৬০ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে তারা। দলের হয়ে জশ হ্যাজলউড এবং সুয়াশ শর্মার দুরন্ত বোলিং, সঙ্গে বিরাট কোহলি (৬১৪ রান, গড় ৫৫.৮১) ও ফিল সল্টের আগ্রাসী ব্যাটিং এই মুহূর্তে দলের বড় শক্তি।

আহমেদাবাদে আরসিবির অতীত রেকর্ডও বেশ ভাল। প্রথমে ব্যাট করে ৮ ম্যাচে ৬টি ম্যাচ জিতেছে আরসিবি। গুগলের জেমিনাই জানিয়েছে, এবারের দুটি ট্রফিহীন দলের মধ্যে বহু প্রতীক্ষিত ফাইনাল। সাম্প্রতিক পারফরম্যান্স এবং হেড-টু-হেড রেকর্ডে আরসিবি এগিয়ে থাকলেও পাঞ্জাব কিংস পাল্টা জবাব দিতে পারে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারে জেমিনাই ‘একটু এগিয়ে’ রেখেছে আরসিবিকে।

চ্যাটজিপিটি-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আরসিবি ধারাবাহিক পারফরম্যান্স এবং প্রথম কোয়ালিফায়ারে সহজ জয়ের কারণে ফাইনালে ফেভারিট। বিরাট কোহলি, হ্যাজেলউড, এবং সল্টের মতো ম্যাচ-উইনারদের উপস্থিতিতে দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ। তবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব যে বড় চ্যালেঞ্জ দিতে পারে, তাও মেনে নিচ্ছে এই AI। তবে ভবিষ্যদ্বাণী যেটাই হোক না কেন মেগা ফাইনালে কাউকেই হালকা ভাবে নিচ্ছে না দুই দলই। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এদিন নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি সকলেই।