আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের সম্ভাব্য ডাক পাওয়া নিয়ে কোচ কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে সে দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আলোচনা করেছেন। এ কথা জানিয়েছেন স্বয়ং লুলাই। 

ব্রাজিলের এক   ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন এবং নেইমারের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামতও তুলে ধরেন।
প্রেসিডেন্ট লুলা বলেন, অ্যানচেলোত্তির সঙ্গে আলোচনার সময়ে কোচই তাঁকে প্রশ্ন করেন, নেইমারকে দলে নেওয়া উচিত কি না। জবাবে লুলা জানান, “যদি নেইমার শারীরিক দিক থেকে সম্পূর্ণ ফিট থাকে, তাহলে তাঁর ফুটবলীয় দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই।''
লুলা আরও উল্লেখ করেন, আগামী ২০২৭ মহিলা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সাক্ষাৎ হয়, যেখানে ব্রাজিল হবে আয়োজক দেশ। ওই অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে ছবি তোলেন এবং লুলা মজার ছলে অ্যানচেলোত্তিকে তাঁর প্রিয় ক্লাব করিন্থিয়ানসের দায়িত্ব নেওয়ার কথাও বলেন।

নেইমারের প্রসঙ্গে বলতে গিয়ে লুলা উদাহরণ হিসেবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা টেনে আনেন। তিনি বলেন, ''প্রথমে জানতে হবে নেইমার নিজে জাতীয় দলে ফিরতে চায় কি না। যদি চায়, তাহলে ওকে অবশ্যই পেশাদারিত্ব দেখাতে হবে। শুধু নামের কারণে নয়, পারফরম্যান্স ও ফুটবলীয় মানের ভিত্তিতেই দলে ফিরতে হবে। নেইমার চাইলে মেসি বা রোনাল্ডোর  মতো শৃঙ্খলা অনুসরণ করতে পারে।''

 চোট ও ফিটনেস সমস্যার কারণে দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। কোচ অ্যানচেলোত্তিও বারবার বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে নেইমারকে সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে হবে। আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন কোচ।

এর মধ্যে জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে স্যান্টোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি মাত্র ৪ মিনিটেই গোল করেন।

ম্যাচ শেষে ভিলা বেলমিরোর ভিআইপি গ্যালারিতে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন নেইমার। সেখানে কিছু সমর্থক তাঁর ক্লাবের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে নেইমার নিজের জার্সিতে স্যান্টোসের লোগোর দিকে ইঙ্গিত করে বলেন, ''আমি শ্রদ্ধা করি।''

এক পর্যায়ে তিনি সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ''আমি কি শেষ হয়ে গিয়েছি? আমি তো এখানে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছি।''

পরে মিক্সড জোনে সংবাদ মাধ্যমের সামনে তিনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। নেইমার বলেন, সমালোচনা তিনি গ্রহণ করেন, তবে ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়,  ''আমরা খেলোয়াড়রা সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু যখন বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে চলে যায়, তখন তা মেনে নেওয়া কঠিন।''