আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে ঘিরে তৈরি হওয়া নাইটক্লাব বিতর্কে এবার সামনে এল সংশ্লিষ্ট রাগবি খেলোয়াড়ের পরিচয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই খেলোয়াড় হলেন টোটোয়া আউভা, যিনি ইংল্যান্ডের রাগবি ক্লাব সারাসেন্সের অন্যতম প্রতিভাবান তরুণ সদস্য।
প্রতিবেদন অনুযায়ী, ২১ বছর বয়সী সামোয়ান খেলোয়াড় আউভার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ১২৫ কেজি। গত রবিবার রাতে মরশুম শেষ হওয়ার পর সারাসেন্সের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছিলেন তিনি। সোমবার ভোররাতে চেলসির রেক্স রুমস নাইটক্লাবে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর স্টোকস ও অ্যাটকিনসন ক্লাবটির ভিআইপি অংশে উপস্থিত ছিলেন। সেই সময় আউভা, দুই ক্রিকেটার এবং ইংল্যান্ড দলের এক নিরাপত্তারক্ষীকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, আউভা অ্যাটকিনসনের দিকে আঘাত করতে গিয়ে ভুলবশত নিরাপত্তারক্ষীকেই আঘাত করে বসেন। এতে ওই নিরাপত্তারক্ষীর চোট লাগে এবং তাঁকে সেলাই করাতে হয় বলে দাবি করা হয়েছে।
কে এই টোটোয়া আউভা? টোটোয়া আউভাকে সারাসেন্সের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। গত মরশুমে লোনে খেলতে গিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যাম্পথিলের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া সামোয়া অনূর্ধ্ব-২০ এবং সামোয়া ‘এ’ দলের অধিনায়কত্বও করেছেন। তবে সাম্প্রতিক এই বিতর্কর সারাসেন্সের কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ঘটনাটির জেরে স্টোকস ও অ্যাটকিনসনের ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে। আগামী ১৭ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। মূলত দলীয় ‘কারফিউ’ বা নির্ধারিত সময়সীমা ভঙ্গের অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
এই ঘটনার ফলে শুধু দ্বিতীয় টেস্ট নয়, ইংল্যান্ড অধিনায়ক হিসেবে স্টোকসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের ফলাফলের দিকেই এখন নজর ক্রিকেটমহলের।















