আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়কে রাজি করাতে পেরেছে বোর্ড। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন তিনি। এবার রোহিত শর্মার পালা। টি-২০ বিশ্বকাপের আগে কোনও বড়সড় রদবদল করতে চাইছে না বিসিসিআই।‌ তাই রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা জুটিতেই ভরসা রাখা হচ্ছে। গতবছর টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পর এক বছরে সংক্ষিপ্ত ফরম্যাটে একটাও ম্যাচ খেলেননি রোহিত। মূলত নেতৃত্ব দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে অনেককেই অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। তবে আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে আবার রোহিতের হাতেই সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব ফিরিয়ে দিতে চাইছে বোর্ড। সেটা শুরু হতে পারে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হার্দিকের। কিন্তু চোট সারিয়ে এত দ্রুত দলে ফিরতে পারবেন না তিনি। তাই কোনওরকম পরীক্ষার পথে না হেঁটে রোহিতকেই টি-২০ সিরিজেও অধিনায়ক হিসেবে দেখতে চাইছে বোর্ড। এই বিষয়ে হিটম্যানকে রাজি করানোই এখন বোর্ড কর্তাদের কাজ। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত তিন ফরম্যাটেই রোহিতকে অধিনায়ক রাখতে চাইছে বিসিসিআই। এখনই ভিন্ন ফরম্যাট, ভিন্ন অধিনায়কের পথে হাঁটতে চাইছে না বোর্ড। বর্তমানে ইউকে-তে ছুটি কাটাচ্ছেন রোহিত। ফিরলেই তাঁর সঙ্গে আলোচনায় বসা হবে।