আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ আড়াই বছর পর ফের ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। 

কোচ কার্লো অ্যানচেলোত্তি যখন ২৬ সদস্যের দল ঘোষণা করছিলেন, তখন নিজের নাম শোনার অপেক্ষায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাওয়ার খবর শুনে গোটা রাত কাঁদেন নেইমার।

সাও পাওলোতে এক প্রচার অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার জানান, জাতীয় দলে ফেরার বিষয়টি উপলব্ধি করতে তাঁর অনেক সময় লেগেছে। তিনি বলেন, সেই রাতজুড়ে নিজের কেরিয়ারের নানা মুহূর্তের ভিডিও দেখেছেন এবং বারবার আবেগাপ্লুত হয়েছেন।

স্ত্রী ব্রুনা ও সন্তানদের সঙ্গে কাটানো সেই রাতের অভিজ্ঞতা জানিয়ে নেইমার বলেন, ''আমি সকাল সাড়ে ৬টা বা সাতটার দিকে ঘুমাতে গিয়েছিলাম। সারা রাত ভিডিও দেখেছি এবং কান্না থামাতে পারিনি। আমার স্ত্রী ও সন্তানরা পাশে ঘুমাচ্ছিল, আর আমি প্রতিটি ভিডিও দেখে কেঁদেছি।''

সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চোট ও শারীরিক সমস্যার কারণে কঠিন সময় পার করতে হয়েছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে। তবে আবারও দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

নেইমার বলেন, ''এটা ছিল খুব কঠিন পথ। অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এর ফল ভাল হয়েছে। ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য গর্বের।''

সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এই ফরোয়ার্ড আরও বলেন,''ব্রাজিলের সবাইকে ধন্যবাদ তাদের সমর্থন ও ভালোবাসার জন্য। এটা আমার জীবনের বিশেষ একটি মুহূর্ত, যা আমি সারাজীবন মনে রাখব।''

আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৩১ মে পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এছাড়া ৬ জুন মিশরের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। আর ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।