আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশীকে নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল বিসিসিআই। একটি রিপোর্ট অনুযায়ী, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে তাঁর মা, বাবাকে ভারতীয় দলের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আইপিএলে ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার পর জাতীয় দলে ডাক পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে বৈভবের। এমন পরিস্থিতিতে বোর্ড মনে করছে, তাঁর পরিবারের পাশে থাকা জরুরি। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, 'ও এখনও প্রাপ্তবয়স্ক নয়। তাই ওর মা, বাবাকে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাতে ওরা নতুন পরিস্থিতির সঙ্গে ওকে মানিয়ে নিতে সাহায্য করতে পারে। বোর্ড ওদের খরচ বহন করবে।'
আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বর্তমানে ভারতীয় এ দলের সঙ্গে শ্রীলঙ্কায় আছেন সূর্যবংশী। তাঁকে নিয়ে আশাবাদী অজিত আগারকর। আয়ারল্যান্ড, ইংল্যান্ড সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের দলেও সুযোগ পান বৈভব। জানান, ২০২৬ আইপিএলে বিধ্বংসী মেজাজে ব্যাট করে, নিজেই ভারতের সিনিয়র দলে জায়গা করে নেন। মোট ৭৭৬ রান করেন। তারমধ্যে ছিল একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান প্লেয়ারের পাশাপাশি ইমার্জিং প্লেয়ারের পুরস্কারও পান। বৈভব প্রসঙ্গে আগরকার বলেন, 'ও কী করতে পারে আমরা সবাই দেখেছি। এরপর আর কী বলার থাকতে পারে! প্লে অফেও একার হাতে রাজস্থান রয়্যালসকে টানে। ও কেমন ব্যাট করছে আর আলাদা ভাবে বলার প্রয়োজন নেই। শুধু এবার নয়, গতবারও ভাল শুরু করেছিল। এইধরনের হাইভোল্টেজ টুর্নামেন্টে ও গেমচেঞ্জার। আমরা ওকে নিয়ে আশাবাদী। আমার মতে, ও নিজেই নিজেকে বেছে নিয়েছে।' ১৫ বছরের বিস্ময় বালককে ঘিরে স্বপ্ন দেখছে নির্বাচকরা। স্বপ্নের মর্যাদা দিতে বিদ্ধপরিকর উঠতি তারকা।















