আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হার্মার বিসিসিআই-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর দাবি, বিসিসিআই তাদের বিপুল বাণিজ্যিক শক্তির জোরে কার্যত আইসিসি-কে নিয়ন্ত্রণ করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সি এই অফস্পিনার বলেন, ''বিসিসিআই-এর বাণিজ্যিক ক্ষমতার কারণেই সব নিয়ন্ত্রণ তাদেরই হাতে। বিসিসিআই-ই আইসিসি চালায়। তবে একজন ক্রিকেটার হিসেবে আমাদের যা করার, তা মাঠেই করতে হবে। ট্রফি জেতাই পারে এই ধারণা বদলাতে।''
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সও নজরকাড়া। তেম্বা বাভুমার নেতৃত্বে দলটি লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে।
এছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও জায়গা করে নেয় প্রোটিয়ারা।
ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে হার্মারের পারফরম্যান্স ছিল অসাধারণ। দুই ম্যাচে চার ইনিংসে মাত্র ৮.৯৪ গড়ে ১৭ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে থাকা ভারতের থেকে ১৫ পয়েন্ট এগিয়ে প্রোটিয়ারা।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও তারা তৃতীয়, যেখানে তাদের উপরে রয়েছে শুধু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
এদিকে সামনে ঠাসা ক্রীড়াসূচি দক্ষিণ আফ্রিকার। চলতি বছর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সে দেশে সফর করবে অস্ট্রেলিয়া।
এরপর ঘরের মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবে তারা।















