আজকাল ওয়েবডেস্ক:‌ চূড়ান্ত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের চার সেমিফাইনালিস্ট। একদিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। আর বুধবার রাতে বাকি দুই দল হিসেবে শেষ চারে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। বার্সেলেনার পর ছিটকে গেল রিয়াল মাদ্রিদও।


বায়ার্ন দুই পর্ব মিলিয়ে জিতল ৬–৪ ব্যবধানে। দ্বিতীয় পর্বে ৪–৩ গোলে জিতল বায়ার্ন। প্রথম পর্বে জিতেছিল ২–১ ব্যবধানে। 


খেলায় অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল রিয়াল। আরদা গুলের এগিয়ে দিয়েছিলেন মাদ্রিদকে। কিন্তু সেই গোল ৬ মিনিটেই শোধ করে দেন আলেকজান্ডার পাভলোভিচ। এরপর ফের এগোয় রিয়াল। ২৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আরদা গুলের। কিন্তু সেই লিডও দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ মিনিটেই সমতা ফেরান হ্যারি কেন। ৪২ মিনিটে ফের এগোয় রিয়াল। গোল করেন এমবাপে। প্রথমার্ধে ৩–২ এগিয়ে ছিল মাদ্রিদ।


কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো উল্টো ছবি। একের পর এক আক্রমণ শানাতে থাকে বায়ার্ন। কিন্তু সমতার গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৯ মিনিট পর্যন্ত। গোল করেন লুইজ দিয়াজ। এরপরেই আসে নাটকীয় মুহূর্ত। শেষ মুহূর্তে গোল করেন মাইকেল ওলিসে। এরপর আর ফেরার সুযোগ পায়নি রিয়াল। এদিকে, আবার লাল কার্ডও দেখেন রিয়ালের জোড়া গোল করা আরদা গুলের ও কামাভিঙ্গা।


অন্য ম্যাচে আর্সেনাল ও স্পোর্টিংয়ের ম্যাচ গোলশূন্য শেষ হয়। প্রথম পর্বে ১ গোলে জিতে থাকার সুবাদে শেষ চারে গেল লন্ডনের ক্লাবটি। 


এদিকে, আগের দিন দুই পর্ব মিলিয়ে ৩–২ গোলে বার্সাকে হারিয়েছে অ্যাটলেটিকো। প্রথম পর্বে ২–০ জিতেছিল তারা। দ্বিতীয় পর্বে বার্সা ২–১ গোলে জিতলেও বিদায় নিতে হয়েছে। দুই পর্বেই বার্সার দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। চোটের কারণে দু’টি পর্বেই খেলতে পারেননি রাফিনহা। তাঁর অভিযোগ, রেফারি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন।


অন্য কোয়ার্টার ফাইনালে পিএসজির বিরুদ্ধে ভাল ফুটবল খেলেও হার মানতে হয়েছে লিভারপুলকে। ফরাসি ক্লাবের রক্ষণের কাছে হার মানতে হয়েছে ইংল্যান্ডের ক্লাবকে। লিভারপুরের ঘরের মাঠে পিএসজির হয়ে দু’টি গোলই করেছেন উসমান দেম্বেলে। একটি ৭২ মিনিটে। অপরটি অতিরিক্ত সময়ে।