আজকাল ওয়েবডেস্ক: লা লিগা খেতাব জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ঘরের মাঠে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।
ম্যাচে দারুণ নৈপুণ্য দেখান ফেরান তোরেস। দীর্ঘদিন গোলখরার পর তিনি জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের ৯ মিনিটে লামিনে ইয়ামালের কর্নার থেকে হেডে প্রথম গোলটি করেন তোরেস।
এরপর ২৫ মিনিটে ইয়ামালের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন তোরেস। তবে একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
মাত্র ১৮ বছর বয়সেই নিজের ১০০-তম লা লিগা ম্যাচ খেললেন লামিনে ইয়ামাল। এই ম্যাচে তিনি অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। দু'টি অ্যাসিস্টের পাশাপাশি নিজেও একটি গোল করেন।
অন্যদিকে, ২-০ গোলে পিছিয়ে পড়ার পর এস্পানিওল পল লোজানোর গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে। কিছু সময়ের জন্য বার্সেলোনার রক্ষণে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। মাঠে নেমেই তিনি দলের খেলায় প্রভাব ফেলেন এবং তাঁর পাস থেকেই মার্কাস রাশফোর্ড নিখুঁত ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন।
এর আগে জিরোনার বিরুদ্ধে ড্র করায় এই ম্যাচে জয় বার্সেলোনার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জয়ের মাধ্যমে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল তারা।
৩১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭০। লিগ খেতাব জয়ের পথে বড় পদক্ষেপ হলেও সামনে এখনও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বার্সার জন্য।















