আজকাল ওয়েবডেস্ক: ভারত-সহ বাকি প্রতিপক্ষদের একপ্রকার চ্যালেঞ্জই ছুড়ে দিল বাংলাদেশ। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। সেই ম্যাচ চলতি মাসের ২০ তারিখ। তার আগে বাংলাদেশের অধিনায়ক শান্ত ঠাণ্ডা গলায় জানিয়ে দিলেন, তাদের কেউ যেন হালকা ভাবে না নেয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রয়েছে তাদের। 

গ্রুপ এ-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। গ্রুপের অন্য প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে শান্ত বলছেন, ''আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আটটি দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকটি দলই খুব ভাল। আমাদের দলেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। সবাই চাইছে চ্যাম্পিয়ন হতে। নিজেদের ক্ষমতার উপরে আস্থা রয়েছে সবার। আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছেন, তা আমরা জানি না। আমরা কঠিন পরিশ্রম করছি। লক্ষ্যে আমরা পৌঁছব বলেই বিশ্বাস আমাদের।'' 

গত বছরের মার্চ মাসের পরে বাংলাদেশ কেবল একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে। সেটা ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিরিজের ফলাফল ছিল  ২-১। শান্ত তাঁর সতীর্থদের উপরে আস্থা রাখছেন। শান্ত বলছেন, ''দলের ১৫ জন ক্রিকেটারদের নিয়ে আমি খুশি এবং আত্মবিশ্বাসী।  যারা খেলছে তারা একার হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।'' 

যে দল গত বছরের মার্চ মাসের পরে কেবল একটি মাত্র সিরিজ জিতেছে, সেই দলই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। টুর্নামেন্টের বল গড়ানোর আগে বাকি দলগুলোকে চৈতাবনী ছুড়ে দিচ্ছে।