আজকাল ওয়েবডেস্ক:‌ সৌদি আরবের আবেদন পত্রপাঠ নাকচ করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা ঘটনা, সৌদি আরব ক্রিকেট বোর্ড নিজেদের দেশের ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশের কাছ থেকে ক্রিকেটার ও কোচ চেয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানিয়ে দিয়েছেন, নিজের দেশের ক্রিকেটের ক্ষতি করে কারও উপকার তিনি করতে পারবেন না।


প্রসঙ্গত, ‘ভিশন ২০৩০’ প্রকল্প নিয়েছে সৌদি আরব ক্রিকেট বোর্ড। এই প্রকল্পে প্রচুর টাকা বিনিয়োগ করা হয়েছে। তাদের লক্ষ্য, একটি শক্তিশালী দল তৈরি করা। বিভিন্ন দেশের কাছে ক্রিকেটার ও কোচ ধার চেয়েছে তারা। সৌদির প্রস্তাব, সেই সব ক্রিকেটাররা তাদের হয়ে খেলবেন। তার জন্য প্রয়োজনীয় আইনি বিষয় তারাই মিটিয়ে দেবে। খেলার পরিবর্তে সেই ক্রিকেটার ও তাঁর দেশের ক্রিকেট বোর্ডকে টাকা দেওয়া হবে।
এর আগে সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকা এই পদ্ধতিতে নিজেদের দেশের ক্রিকেটের উন্নতি করেছে। সেখানে যাঁরা খেলেন, তাঁদের বেশির ভাগই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের। কিন্তু সৌদির আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটকে আমিনুল ইসলাম বলেছেন, ‘‌সৌদি আরব ক্রিকেট বোর্ড আমার কাছে দু’মাস আগে এই প্রস্তাব দিয়েছিল। আমি নাকচ করে দিয়েছি। ওরা পুরুষ ও মহিলা ক্রিকেটার চেয়েছিল। পরে কোচের আবেদনও করেছিল। কিন্তু আমার দেশের স্বার্থের কথা না ভেবে আমি কীভাবে ওদের ক্রিকেটার ও কোচ দেব?’‌


এটা ঘটনা, এর আগে গল্ফ, ফর্মুলা ওয়ানে বিনিয়োগ বাড়িয়েছে সৌদি আরব। ২০৩৪ ফুটবল বিশ্বকাপও সেখানে হওয়ার কথা। এবার আইসিসি ও এশীয় ক্রিকেট কাউন্সিলের সাহায্য নিয়ে ক্রিকেটের উন্নতির দিকেও নজর দিয়েছে তারা। কিন্তু বাংলাদেশ তাদের অনুরোধ শোনেনি। এখন দেখার, ভারত বা অন্য কোনও দেশের কাছে সৌদি আরব ক্রিকেট বোর্ড এই প্রস্তাব পাঠায় কি না।

এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। এখনও অবধি ২০২৫–২০২৭ সার্কেলে ভারত খেলেছে ৯ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২–২ ড্র হয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হারতে হয়েছে। আর এরপরেই পয়েন্ট তালিকায় পিছতে শুরু করেছেন শুভমান গিলরা।