আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্টে বল বিতর্ক। একাধিকবার অনুরোধ করেও নতুন বল পেল না ভারতীয় দল। যার খেসারত দিতে হল। পঞ্চম তথা শেষ দিনের শুরুটা আদর্শ ছিল ইংল্যান্ডের। ৩৭১ রান তাড়া করতে নেমে মধ্যাহ্নভোজের আগে একটিও উইকেট হারায়নি। ৩০ ওভারের শেষে বিনা উইকেট হারিয়ে ১১৭ রান তোলে ইংল্যান্ড। অর্ধশতরান করেন বেন ডাকেট। কিন্তু প্রথম সেশনের শেষে প্রচণ্ড চটে শুভমন গিল। পুরোনো বলের অবস্থায় অখুশি টিম ইন্ডিয়ার অধিনায়ক। আম্পায়ারদের কাছে একাধিকবার অভিযোগ জানান। কিন্তু তাসত্ত্বেও নতুন বল নেওয়া হয়নি। ভারতীয় দলের দাবিতে কর্ণপাত করেননি আম্পায়াররা। যার ফলে পুরোনো বলের অবস্থা ভাল না হলেও, নতুন বল পায়নি বুমরা, সিরাজরা। লিডস টেস্টের শেষদিন জয়ের জন্য ৩৫০ রান প্রয়োজন ইংল্যান্ডের। ভারতের দরকার দশ উইকেট। এখনও পর্যন্ত পঞ্চম দিনের প্রথম সেশন বেন স্টোকসদের।
জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের জুটি ভাঙতে বিশেষ কিছু করতে হবে ভারতীয় বোলারদের। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন যশপ্রীত বুমরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে এখনও ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙতে পারেননি। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদেরও দায়িত্ব নিতে হবে। প্রথম সেশনে বিনা উইকেটে ৯৬ রান যোগ করে ইংল্যান্ড। শুরুতে বুমরার কয়েকটা ভয়ঙ্কর বল সামলে নেয় ইংল্যান্ডের ওপেনিং জুটি। আগ্রাসী ক্রিকেট খেলেন ডাকেট। যা ক্রলিকে সময় নিয়ে ইনিংস গড়তে সাহায্য করে। ইংল্যান্ডের ওপেনিং জুটি চাপে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে।
















