আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট লিগে পেশোয়ার জলমির অধিনায়ক বাবর আজম। হায়দরাবাদ কিংসমেনের বিরুদ্ধে ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।৩৭ বলে ৪৩ রান করেন। ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে, সেট হওয়ার পরও দলকে জেতাতে ব্যর্থ। শুরুটা ভাল করেও, বড় রানে পরিবর্তন করতে পারেননি। আরও একবার ম্যাচ শেষ করতে ব্যর্থ বাবর। সাংবাদিক সম্মেলনে ওঠে এই প্রসঙ্গ। তাঁর ম্যাচ ফিনিশ করার অক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা হয়। সংশ্লিষ্ঠ সাংবাদিক প্রশ্ন করেন, কোহলি সবসময় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, কিন্তু বাবর সেটা করতে পারেন না। 

এই প্রশ্নতে স্বাভাবিকভাবে ক্ষেপে যান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। স্পষ্ট হতাশা ব্যক্ত করেন। রিপোর্টারের প্রশ্ন ছিল, 'বিরাট কোহলি একই জায়গায়, একই পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে, কিন্তু তুমি সেটা করতে পারো না। সবাই ওর সঙ্গে তোমার তুলনা করে, এই বিষয়ে তোমার কী মতামত?' প্রশ্ন শুনেই রেগে লাল বাবর। বলেন, 'এবার এই বিষয়গুলো শেষ করো। নয়তো এগুলো তোমার কাছেই সীমাবদ্ধ রাখো। এই তুলনা ভুলে এবার এগিয়ে যাও। আমি ম্যাচ ফিনিশ করিনি, বা করতে পারি না, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা।'

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাদের মধ্যে নাম থাকবে বাবর আজমের। কিন্তু প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। স্ট্রাইক রেট থেকে শুরু করে ম্যাচ ফিনিশ। প্রায়ই সমালোচকদের নিশানায় পড়ে যান। এই মরশুমে পাকিস্তান সুপার লিগে দুটো ম্যাচ খেলেছেন বাবর। মোট রান ৮২। স্ট্রাইক রেট ১২৬.১৫। বাউন্ডারির সংখ্যা হতাশজন। ঝুলিতে রয়েছে ১০টি চার এবং ১টি ছয়। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার কোহলির সঙ্গে বাবরের তুলনা টানা হয়। প্রতিবারই অখুশি হন পাক তারকা। কিন্তু এবার মেজাজ নিজের কন্ট্রোলে রাখতে পারেননি। ধুয়ে দেন সংশ্লিষ্ট সাংবাদিককে।