আজকাল ওয়েবডেস্ক: টানা দু’দিন বৃষ্টির জেরে খেলা হয়নি। তারপরেও কানপুর টেস্ট জিতে গিয়েছে ভারত। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর লক্ষ্য এখন নিউজিল্যান্ড সিরিজ।
পঞ্চম দিন ২৬/২ নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু তিন রানের ব্যবধানে চার উইকেট হারানোটাই শেষ করে দিল বাংলাদেশকে। এদিকে, পঞ্চমদিন বাংলাদেশ যখন ব্যাট করছে, তখন সে দেশের প্রাক্তনী আতহার আলি ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকারকে প্রশ্ন করেছিলেন, ‘বাংলাদেশের ব্যাটারদের জন্য কোনও পরামর্শ আছে?’ যা শুনে সানি জবাব দেন, ‘একজন ভারতীয় হিসেবে চাইব দ্রুত আউট হয়ে যাক বাংলাদেশের ব্যাটসম্যানরা।’
এদিকে বাংলাদেশকে ২–০ হারিয়ে ভারত পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে। বলা ভাল জায়গা আরও মজবুত করল। ভারতের পয়েন্ট পার্সেন্টেজ এখন ৭৪.২৪। আর সিরিজ হেরে বাংলাদেশ চলে গেল সাতে। পাঁচ ও ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
আর অস্ট্রেলিয়া আছে দুইয়ে। ১২ টেস্টে ৮ জিতে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৬২.৫০। তিনে আছে শ্রীলঙ্কা। আর চারে ইংল্যান্ড।
