আজকাল ওয়েবডেস্ক: কুমার মঙ্গলম বিড়লার পুত্র আর্যমান বিড়লা আবার খবরে। ২২ বছর বয়সে ব্যাট-প্যাড তুলে রেখেছেন তিনি। দেশের সব চেয়ে ধনী ক্রিকেটার তিনিই। আর্যমানের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা।
মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি খেলেন আর্যমান। কিন্তু মানসিক উদ্বেগের কারণে অনির্দিষ্ট কালের জন্য ক্রিকেট থেকে সরে যান তিনি। ২০১৭ সালে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে আর্যমানের। ওড়িশার বিরুদ্ধে ম্যাচে রজত পাতিদারের সঙ্গে ওপেনিং জুটিতে ৭২ রান জোড়েন তিনি। ২০১৮ সালে ৩০ লক্ষ টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালস দলে নেয় আর্যমানকে।
কিন্তু বেশিদিন ক্রিকেট খেলতে পারেননি আর্যমান। অনির্দিষ্ট কালের জন্য বিশ্রাম নিয়ে তিনি তাঁর বাবার ব্যবসা দেখাশোনা করতেন। প্রায় ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক তারা। দেশের অন্যতম ধনী পরিবার তাঁরাই।
২০১৮ সালের নভেম্বরে আর্যমান বিড়লা প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন। বাংলার বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন তিনি।
২০১৯ সালের ডিসেম্বরে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছুটি নেন আর্যমান। মানসিক উদ্বেগের কারণ দর্শিয়ে তিনি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রাম নেন। ইনস্টাগ্রামে বিজ্ঞপ্তি দিয়ে আর্যমান লেখেন, ''এই পরিক্রমা কঠিন ছিল। এর সঙ্গে জড়িয়ে ছিল কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অসীম সাহস।''
সেই আর্যমান এখন পারিবারিক ব্যবসা চালাচ্ছেন। ক্রিকেট থেকে বহু দূরে।
