আজকাল ওয়েবডেস্ক: বিধাননগর দক্ষিণ থানার বাইরে আক্রোশের মুখে পড়লেন অরূপ বিশ্বাস। থানার বাইরে জুতোর মালা নিয়ে অপেক্ষা করে একদল। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেখা মাত্র চটে যায় তাঁরা। ক্ষোভে ফেটে পড়ে। টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়। মেসিকাণ্ডে দু'বার হাজিরা না দেওয়ার পর ১৮ জুন প্রথম হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁকে আবার আজ তলব করা হয়েছে। সময় মতো বিধাননগর থানায় পৌঁছে যান। দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আগের সপ্তাহে প্রথম হাজিরায় তাঁকে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। থানা থেকে বেরিয়ে মেসি প্রসঙ্গে মুখ খোলেননি। কোনও কথাই বলেননি। জানান, তাঁর আইনজীবীর নির্দেশে কিছু বলবেন না। এক কথায়, কার্যত পালিয়ে যান। এদিনও কি তার পুনরাবৃত্তি হতে চলেছে? 

প্রসঙ্গত, শতদ্রু দত্তের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন মাঠে একাধিক লোক ঢুকে পড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। এই বিষয়ে এদিন অরূপ বিশ্বাসকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মেসিকাণ্ডে দায়ের হওয়া মামলায় তদন্তে সহযোগিতা না করার অভিযোগ ওঠে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারীদের সামনে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এরপর গত ৭ জুন বিধাননগর পুলিশের একটি দল তাঁর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে। বাড়িতে কাউকে না পাওয়ায় দরজায় নোটিশ টাঙিয়ে ৮ জুন থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেদিনও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি অরূপ বিশ্বাস। পরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আইনি সুরক্ষা চাইলেও কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি। এরপর তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে আবেদন জানায়। আদালত নির্দেশ দেয়, নোটিশ জারির ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতা করতে হবে। অবশেষে গত সপ্তাহে প্রথমবার বিধাননগর থানায় হাজিরা দেন।