আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে আবারও নিজের ফর্মের ঝলক দেখালেন লিওনেল মেসি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে ঘরের মাঠে জয় পেল ইন্টার মায়ামি। ঘরের মাঠে দীর্ঘদিন জয় অধরা ছিল মায়ামির।
এমএলএস-এ পোর্টল্যান্ড টিম্বার্সের বিরুদ্ধে ২–০ গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচে ৩১ মিনিটে নিজেই গোল করেন মেসি। এরপর ৪২ মিনিটে দারুণ এক পাসে গোল করান মেক্সিকান ফরোয়ার্ড এরমান বের্তারেমকে।
৩৮ বছর বয়সী মেসি ম্যাচজুড়ে পোর্টল্যান্ড রক্ষণভাগকে বারবার চাপে রাখেন। তাঁর খেলায় ধরা পড়ছিল পুরোনো ছন্দ। বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকায় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লক্ষ্যে তিনি যে পুরোদস্তুর প্রস্তুত, তারও ইঙ্গিত দেন তিনি।
৩১ মিনিটে টেলাস্কো সেগোভিয়ার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি। এটি তাঁর কেরিয়ারের ৯১০-তম গোল। তবে ম্যাচের সবচেয়ে চোখধাঁধানো মুহূর্ত আসে দ্বিতীয় গোলের অ্যাসিস্টে। লুইস সুয়ারেজের সঙ্গে দ্রুত বোঝাপড়ায় বক্সে ঢুকে চার ডিফেন্ডারকে কাটিয়ে শেষ মুহূর্তে ফাঁকায় দাঁড়ানো বের্তারেমকে নিখুঁত পাস দেন তিনি।
বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিলেন মেসি। তাঁর একটি শট অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে চলে যায়। আর একটি ফ্রি-কিক দুর্দান্তভাবে রুখে দেন পোর্টল্যান্ড গোলরক্ষক প্যান্টেমিস।
নতুন করে উদ্বোধন হওয়া স্টেডিয়ামে এটি ছিল মায়ামির পঞ্চম ম্যাচ। ২৭ হাজার আসনের এই ভেন্যুতে এর আগে তিন ম্যাচে ড্র এবং একটি ম্যাচে হেরেছিল মায়ামি। শেষ পর্যন্ত পোর্টল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের খরা কাটাল মায়ামি।
চলতি মরশুমে এমএলএসে দারুণ ছন্দে রয়েছেন মেসি। শেষ চার ম্যাচেই তিনি গোল করেছেন এবং অ্যাসিস্টও করেছেন। এ বছর এখন পর্যন্ত ১৩ ম্যাচে তাঁর গোল ১২টি, সঙ্গে রয়েছে ৬টি অ্যাসিস্ট।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি। এবারের বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন এলএম ১০-কে।














