আজকাল ওয়েবডেস্ক: মেজর লিগ সকারে আবারও দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে লিওনেল মেসিকে।
সর্বশেষ ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে রোমাঞ্চকর জয়ে নেতৃত্ব দেন আর্জেন্টাইন মহাতারকা।
এফসি সিনসিনাতির মাঠে ৩-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় ছিনিয়ে নেয় মায়ামি।
মেসি হ্যাটট্রিকও করতে পারতেন। শেষ দিকে তাঁর নেওয়া শট পোস্টে লেগে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
শুরুতে তা মেসির গোল হিসেবে ধরা হলেও পরে এমএলএস কর্তৃপক্ষ সেটি আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করে। ফলে অল্পের জন্য কেরিয়ারের ৬১-তম হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন তিনি।
চলতি মরশুমে এটি তৃতীয় ম্যাচ, যেখানে মেসি সরাসরি তিনটি গোলে অবদান রাখলেন। এখনও পর্যন্ত এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২। যা তাঁকে টপ স্কোরার তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছে।
পেশাদার কেরিয়ারে তাঁর মোট গোল এখন ৯১০ এবং অ্যাসিস্ট ৪১১টি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে তারা ১৭টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।
সিনসিনাতি ১০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি।
ম্যাচে প্রথম গোল করেন মেসি নিজেই। ২৪-তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। ৪১-তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় সিনসিনাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচার গোল করে এগিয়ে নেন। তবে ছ'মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে দারুণ শটে আবারও সমতা ফেরান মেসি।
৬৪-তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি। তবে এরপরই ম্যাচে নাটকীয় মোড় নেয়। মাতেও সিলভেট্টির গোল এবং সেট-পিস থেকে জার্মানের গোল মায়ামিকে এগিয়ে দেয়। শেষদিকে মেসির শটের পর আত্মঘাতী গোলে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয়।















