আজকাল ওয়েবডেস্ক: মাত্র চার মাস আগেই ইন্টার মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের সাফল্য এনে দিয়েছিলেন জ্যাভিয়ার মাসচেরানো। 

নতুন মরশুমেও একই লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেছিল ফ্লোরিডার এই ক্লাবটি। তবে লিগের মাত্র সাত ম্যাচ হতেই হঠাৎ করেই দায়িত্ব ছাড়লেন আর্জেন্টাইন এই কোচ। এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ‘ব্যক্তিগত কারণেই’ প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাসচেরানো।  গত শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২–২ গোলে ড্রয়ের পরই তিনি ক্লাব কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। 

তাঁর জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন গিলেরমো হয়োস। যিনি এতদিন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন। 
দায়িত্ব ছাড়ার বিষয়ে নিজের বিবৃতিতে মাসচেরানো বলেন, ''ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার উপর আস্থা রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাই। সংগঠনের প্রতিটি সদস্য এবং বিশেষ করে খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারণেই আমরা অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে পেরেছি।''

খেলোয়াড়ি জীবনে মেসির সতীর্থ হিসেবে আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার হয়ে খেলেছেন মাসচেরানো। 

অবসরের পর কোচিংয়ে যোগ দিয়ে ২০২৪ সালের নভেম্বরে জেরার্ডো মার্টিনোর জায়গায় দায়িত্ব নেন মাসচেরানো। প্রায় দেড় বছর তিনি মেসি–সুয়ারেজদের কোচ হিসেবে কাজ করেন।
তাঁর অধীনে মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল ও লিগস কাপের ফাইনালে ওঠে। ২০২৫ মরশুমেই এমএলএস কাপ জিতে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় লেখে তারা। ৬৭ ম্যাচে ৩৮টিতে জয়, ১৫টিতে ড্র ও ১৪টিতে হার। 

২০২৬ মরশুমে সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে তৃতীয় স্থানে আছে ইন্টার মায়ামি। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে  বিদায় নিতে হয়েছে মায়ামিকে। 
মাসচেরানোর বিদায়ে ক্লাবের মালিক জর্জ মাস বলেন, ''মাসচেরানো এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এমএলএস কাপ জয় কিংবা ক্লাব বিশ্বকাপে দলের স্মরণীয় পারফরম্যান্স, সব ক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর নিষ্ঠা ও নেতৃত্ব আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।''