আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে অশান্তির অভিযোগ। আন্তোনিও রুডিগারের বিরুদ্ধে সতীর্থকে চড় মারার অভিযোগ সামনে এসেছে।
স্প্যানিশ মিডিয়ার দাবি, জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার তাঁর সতীর্থ আলভারো ক্যারেরাসকে চড় মেরেছেন।
ঘটনাটি ঘটে রিয়াল বেতিসের বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর। ড্রেসিং রুমে শুরু হওয়া সেই বাকবিতণ্ডা সপ্তমে পৌঁছায়।
জানা গিয়েছে, এর আগেও একাধিকবার রুডিগার ও কারেরাসের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।
৩৩ বছর বয়সী রুডিগার সম্প্রতি তাঁর আক্রমণাত্মক আচরণের জন্য আলোচনায় উঠে এসেছেন। চলতি মরশুমে দিয়েগো রিকোর
মাথায় ইচ্ছাকৃতভাবে হাঁটু দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
এছাড়া বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জসিপ স্ট্যানিসিচকে নিয়ে মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন তিনি।
ঘটনার পর রুডিগার ক্ষমা চেয়ে নেন। গত শুক্রবার সতীর্থ ও তাঁদের পরিবারকে নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজনও করেন তিনি।
তবে ঘটনার প্রভাব পড়েছে দলে। এরপর থেকে কারেরাসকে আর প্রথম একাদশে দেখা যায়নি।
এসপানিয়ল ও বেটিসের বিরুদ্ধে তাঁর জায়গায় খেলানো হয় ফারল্যান্ড মেন্ডিকে। মেন্ডি চোট পেলে কোচ আরবেলোয়া মাঠে নামান ফ্রান গার্সিয়াকে।
জানা গিয়েছে, বেঞ্চে বসে এই পরিস্থিতি দেখে কারেরাস বিদ্রূপের হাসি হাসেন। উভয় ম্যাচেই রুডিগার পুরো সময় খেলেছেন।
এই গ্রীষ্মেই রুডিগারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে তাঁকে আরও এক বছরের জন্য রাখার বিষয়ে বিবেচনা করছে রিয়াল মাদ্রিদ।















