আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের দাপুটে পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু সিরিজ শুরুর আগে সতর্কবাণী কপিল দেবের। বৈভবকে নিয়ে অতিরিক্ত আশা না করার বার্তা দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। বরং, ধৈর্য ধরার পরামর্শ দেন। স্পষ্ট জানিয়ে দেন, কেরিয়ারের শুরুতে তাঁকে বাড়তি চাপের মুখে ফেলে দেওয়া উচিত হবে না। শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে জাতীয় দলে সুযোগ পান বৈভব। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের দলে আছেন ১৫ বছরের তরুণ। এশিয়ান গেমসের দলেও জায়গা পান।
সূর্যবংশীকে বিশেষ প্রতিভার অ্যাখ্যা দেন কপিল। তবে পাশাপাশি জানিয়ে দেন, ফ্র্যাঞ্চাইজি এবং জুনিয়র দল থেকে ট্রানজিশন খুব সহজ হবে না। সময় এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা দরকার। কপিল দেব বলেন, 'ও বিশেষ প্রতিভা। ওকে সময় দেওয়া উচিত। ও ইতিমধ্যেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। অবিশ্বাস্য সব ইনিংস খেলেছে। তবে ভারতীয় দলে মানিয়ে নেওয়া আলাদা বিষয়। নিজেকে ফিট রাখতে হবে। জাতীয় দলের অঙ্গ থাকাকালীন, আরও অনেক কিছুর সম্মুখীন হতে হয়। ও কতটা ফোকাসড, সেটা ও নিজে জানে। আমার কাছে ও বিশেষ প্রতিভা।'
১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করছেন, ক্লাব এবং দেশের হয়ে খেলার পার্থক্য শীঘ্রই বুঝে যাবেন বিস্ময় বালক। কপিল বলেন, 'তরুণ ক্রিকেটারকে সম্মান দেওয়া ভুল নয়। তবে এই স্টেজে ওর থেকে অতিরিক্ত প্রত্যাশা রাখা উচিত হবে না। ও সবে দলে সুযোগ পেয়েছে। বুঝতে পারবে ক্লাব ক্রিকেটের সঙ্গে দেশের হয়ে খেলার কোনও সম্পর্ক নেই। দুটোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তাই ওকে সময় দিতে হবে। অতিরিক্ত আশা করা যাবে না।'
বৈভবকে নিয়ে আশাবাদী তাঁর এককালীন সতীর্থ মদন লাল। তিনি মনে করেন, আইপিএলের সাফল্য দেশের জার্সিতেও তুলে ধরতে পারবেন। মদনলাল বলেন, 'এটা ওর জন্য খুব বড় মুহূর্ত। কারণ মাত্র ১৫ বছর বয়সে নিজেকে জাতীয় দলে নিতে বাধ্য করেছে। ভাল পারফরম্যান্সের জন্য সুযোগ পেয়েছে। আমার মনে হয়, ও নিজেকে মেলে ধরতে পারবে। কারণ ওর অশেষ প্রতিভা আছে। তারওপর ফর্মে আছে। গোটা আইপিএলে ধারাবাহিকতা বজায় রেখেছে। মাত্র ১৫ বছর বয়স, কিন্ত নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে।'















