আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশী দলে সুযোগ পাওয়ার পর থেকেই ভারতের জার্সিতে অভিষেকের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। প্রথম তিন ম্যাচে সুযোগ না পেলেও, দ্বিতীয় টি-২০ তে অভিষেকের সম্ভাবনা রয়েছে। তরুণ প্রতিভার হাতেখড়ির প্রাক্কালে তাঁকে বিরাট সতর্কবার্তা স্যাম করনের। বৈভবের উত্থানকে 'অবিশ্বাস্য কাহিনি'র অ্যাখ্যা দেন। তবে একইসঙ্গে ছিল হুঙ্কার। ১৫ বছরের উঠতি তারকাকে আটকানোর বিষয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অলরাউন্ডার। দ্বিতীয় টি-২০ ম্যাচের আগেরদিন করন বলেন, 'অবিশ্বাস্য কাহিনি। আমি একমাস ধরে প্রচুর আইপিএলের ম্যাচ দেখেছি। আমি শুধু এই ছেলেটাকে দেখছিলাম। এত সহজে ব্যাট করে। যে মনোযোগ ও পাচ্ছে, সেটা পাওয়ারই যোগ্য। এই বয়সেই জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মাত্র ১৫ বছর বয়সে ভারতের হয়ে খেলা অবিশ্বাস্য ঘটনা। আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবেও এইধরনের দক্ষতার কদর করা উচিত।'
তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করলেও, করনের দাবি, ইংল্যান্ডের মাটিতে খেলা চ্যালেঞ্জিং। কারণ এখানকার পিচ এবং পরিবেশ আলাদা। করন বলেন, 'আমার মনে হয়, ইংল্যান্ডে ও চ্যালেঞ্জের মুখে পড়বে। এখানকার পিচ আলাদা। ভারতের থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের নিজস্ব পরিকল্পনা থাকবে। তবে হলফ করে বলছি না, আমরা সফল হবই, কারণ ও ভাল খেলছে। দিনের শেষে, আমি নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করব। তবে ও যে স্পেশাল, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।'
এই বয়সেই জনপ্রিয়তা পাচ্ছেন বৈভব। সঙ্গে ভক্তদের ভালবাসা। যা প্রত্যাশা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই মাটিতে পা রাখার পরামর্শ দেন ইংল্যান্ডের ক্রিকেটার। করন বলেন, 'ভারতে একজন ভারতীয় ক্রিকেটার আমাদের থেকে অনেক বেশি বড় বিষয়। এটাই ওর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। মাত্র একটা বা দুটো আইপিএল খেলে সরাসরি ভারতীয় দলে সুযোগ পেয়েছে। আমি নিশ্চিত ওকে সবাই সাহায্য করার চেষ্টা করছে। তবে অভিষেক না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। অন্যান্য ক্রিকেটারদের মতো ওকেও চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তবে একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে, বর্তমানটা উপভোগ করতে হবে। ১৫ বছর বয়সে আমি সব সারে ইন্ডোর স্কুলে খেলা শুরু করি। তবে আশা করব, মাটিতে পা থাকবে। আমি ওর খেলা দেখার অপেক্ষায়। তবে আশা করছি সেটা আমার বোলিংয়ের বিরুদ্ধে হবে না। পাশাপাশি আশা করব, সেটা আমাদের বিরুদ্ধেও হবে না।' অবশেষে দ্বিতীয় টি-২০ তে কি অভিষেক হবে বিস্ময় বালকের? জানতে আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা।















