আজকাল ওয়েবডেস্ক: চোট পেয়ে পুরো মরসুমের জন্য ছিটকে যাওয়া আশিস রাইয়ের জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন আমে রানওয়াড়ে।
তাঁর সঙ্গে সবুজ-মেরুনের চুক্তি ২০২৫-২০২৬ মরসুমের শেষ পর্যন্ত।
মহারাষ্ট্রের ফুটবলার আমে রানওয়াড়ে মূলত রাইট ব্যাক। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার যোগ দেওয়ায় সের্জিও লোবেরার দলের রক্ষণে শক্তি বাড়ল।
সের্জিও লোবেরার কোচিংয়ে এর আগে মুম্বই সিটি এবং ওড়িশায় খেলেছেন আমে। মুম্বই সিটিএফসি-র শিল্ড চ্যাম্পিয়ন দলেও ছিলেন তিনি। সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন আমে রানওয়াড়ে।
এগিয়ে এসেছে আইএসএল। মেগা টুর্নামেন্টে ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের খেলা। সেই ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে। রবিবার রাত থেকেই তা পাবেন সবুজ-মেরুন সমর্থকরা।
