আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। টুর্নামেন্ট শুরু হতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি থাকলেও ভারতের দল গঠনের প্রস্তুতি এখন থেকেই শুরু করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে দলের বোলিং বিভাগ নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিনের মতে, জশপ্রীত বুমরাহ না থাকলে ভারতের বোলিং আক্রমণ এখনও যথেষ্ট শক্তিশালী দেখায় না। এই পরিস্থিতিতে তিনি বিসিসিআই নির্বাচকদের ভুবনেশ্বর কুমারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
ক্রিকেট সংক্রান্ত এক ওয়েবসাইটের আলোচনায় অশ্বিন বলেন, “ভুবনেশ্বর কুমার কোথায়? অবশ্যই দলে থাকার মতো একজন ক্রিকেটার ভুবি। আমি ওর সঙ্গে যোগাযোগ করতাম এবং ওকে প্রথম শ্রেণির সব ম্যাচ, বিজয় হাজারে ট্রফি ও অন্যান্য প্রতিযোগিতায় খেলিয়ে ছন্দে ফিরিয়ে আনতাম। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে ওকে সেরা ফর্মে পাওয়া দরকার। আমার মনে হয়, ওকে আমাদের প্রয়োজন হবে।”
বিশ্বকাপের আগে ভারতের সম্ভাব্য দল নিয়েও নিজের মত জানিয়েছেন অশ্বিন। কোন ক্রিকেটাররা তাঁর মতে দলে নিশ্চিত, কারা রয়েছেন সম্ভাবনার তালিকায় এবং কারা আপাতত বাইরে, তা স্পষ্ট করেছেন তিনি।
অশ্বিনের ‘নিশ্চিত’ তালিকায় রয়েছেন অধিনায়ক শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, দশপ্রীত বুমরাহ,মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও ভুবনেশ্বর কুমার।
‘সম্ভাবনার তালিকায়’ রেখেছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সামি, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা-কে।
অন্যদিকে, অশ্বিনের মতে আপাতত দলে জায়গা নেই ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, শিবম দুবে, প্রিন্স যাদব এবং গুরনুর ব্রার।
বিশ্বকাপের আগে দল গঠনের সময় ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগকে আরও শক্তিশালী করাই ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত, অশ্বিনের মন্তব্যে সেই বার্তাই উঠে এসেছে।
















