আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগে পর্যন্তও চুটিয়ে ক্রিকেট খেলেছেন। আচমকা অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের। বৃহস্পতিবার ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের কথা জানান কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় দলে প্রায় এক দশকের ক্রিকেট জীবনের অবসান ঘটল। ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণা করেন তারকা ক্রিকেটার। সেই ভিডিওর ক্যাপশনে রাহানে লেখেন, 'ক্যাপ ২৭৮ বিদায়। বিগত বছরগুলো ধরে এত ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।'
ভারতীয় ক্রিকেটের একজন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিলেন অজিঙ্কা রাহানে। দৃঢ় টেকনিক, শান্ত স্বভাব এবং বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে ধারাবাহিক সাফল্যের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি স্লিপে তাঁর দুর্দান্ত ক্যাচ নেওয়ার দক্ষতাও ভারতীয় টেস্ট দলের অন্যতম বড় শক্তি ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৮,০০০-এরও বেশি রান করেছেন রাহানে। ভারতের হয়ে খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের আন্তর্জাতিক এবং ২০টি টি-২০ ম্যাচ। রাহানের ক্রিকেটজীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফি। অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পান। মেলবোর্ন টেস্টে শতরান করার পাশাপাশি চোটে জর্জরিত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জেতান। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই সাফল্য আজও অন্যতম সেরা কীর্তি হিসেবে বিবেচিত হয়।
২০২৩ সালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে প্রত্যাবর্তনের সময়। একদিনের ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। টি-২০ ক্রিকেটে শেষবার ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ, অর্থাৎ আইপিএলে তিনি খেলা চালিয়ে যান। গত দুই মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। যদিও তাঁর নেতৃত্বে দল প্লে অফে উঠতে পারেনি। পাশাপাশি ঘরোয়া লাল বলের ক্রিকেটে মুম্বইয়ের নিয়মিত সদস্য ছিলেন রাহানে। তারকা ক্রিকেটারের অবসরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক বলেন, 'অজিঙ্ক রাহানের অবসর ভারতীয় ক্রিকেটের একটা গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। চাপের মুখে অসাধারণ ধৈর্য এবং নিষ্ঠা তাঁকে মুম্বই ক্রিকেটের অন্যতম সেরা করে তুলেছে। তাঁর উত্তরাধিকার আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।'
















