আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের আবেদনে সাড়া দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সরল নিজেদের সিদ্ধান্ত থেকে। চেন্নাইন ম্যাচে গ্যালারিতে দর্শকদের আচরণের জন্য কড়া শাস্তি ঘোষণা করা হয়েছিল। ওড়িশা ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে বদল এসেছে। যেখানে আগামী ৬ মার্চ আসন্ন হোম ম্যাচের জন্য সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ রাখার নির্দেশ পরিবর্তন করে আংশিক স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, পুরোপুরি বঞ্চিত হতে হবে না সমর্থকদের। অর্ধেক টিকিট বিক্রি হবে। খেলা দেখতে পারবে ফ্যানরা।
ফাঁকা স্টেডিয়ামে আসন্ন মোহনবাগান-ওড়িশা ম্যাচ করার নির্দেশ দেয় ফেডারেশন। এক লক্ষ টাকা জরিমানা করার পরও এই কড়া শাস্তি ঘোষণা করা হয়। দোলের দিন এমন সিদ্ধান্ত জানানো হয়। যার ফলে সরব হয় মোহনবাগান কর্তা থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। বাগান কর্তারা জানান, ম্যাচ বয়কট করবে তাঁরা। এমনকী ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানোর কথাও ভাবা হয়। মঙ্গলবার মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, 'সাপোর্টারদের যদি খেলা দেখার অনুমতি না থাকে, তাহলে আমরাও যাব না। বিক্ষোভ দেখানো উচিত। আমরা কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাতে পারি। অপদার্থ ফেডারেশন। ফুটবলে লাটে তুলে দিচ্ছে। এতদিন ধরে আনোয়ারের সিদ্ধান্ত নিতে পারে না। এতদিন পর্যন্ত ফেডারেশন যা সিদ্ধান্তে নিয়েছে, সেটা হিতে বিপরীত হয়েছে।' বুধবার নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানোর কথা ছিল মোহনবাগান কর্তাদের। কিন্তু তার আগেই সিদ্ধান্ত বদল ফেডারেশনের। পুরো নয়, আংশিক স্টেডিয়াম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
