আজকাল ওয়েবডেস্ক: টেস্টের বলই গড়ায়নি অথচ মনস্তাত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাকগ্রার মতো প্রাক্তন অজি তারকা বলছেন, টেস্টে বিরাট কোহলিকে আক্রমণ করতে হবে। মাঠের বাইরে স্লেজিং শুরু। 

এর মধ্যেই বর্তমান প্লেয়াররা আসন্ন সিরিজ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেও সেই ভারতকেই খোঁচা দেওয়া হয়েছে। ৩৬ রানে অল আউট হওয়ার লজ্জা মনে করিয়ে দেওয়া হয়েছে। 

এই ভিডিওয় মিচেল মার্শ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, উসমান খোয়াজা এবং স্পিনার নাথান লিয়ঁকে দেখা যাচ্ছে। মিচেল মার্শকে সঞ্চালনা করতে দেখা গিয়েছে। তিনি তাঁর সতীর্থদের মনে করিয়ে দিচ্ছেন ২০২১ সালের সিরিজের কথা। অ্যাডিলেডে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। খোয়াজা হ্যাজলউডের ৫/৮ স্পেল মনে করিয়ে দেন। কিন্তু লিয়ঁ বলে ওঠেন, ''অস্ট্রেলিয়া সিরিজ হেরে গিয়েছিল।'' 

মার্শ থেমে যাওয়ার বান্দা নন। তিনি রোহিত শর্মা ও লিয়ঁর ছবি দেখান। স্টার্ক মনে করিয়ে দেন লিয়ঁ আট বার আউট করেছেন রোহিতকে। ভুল শুধরে লিয়ঁ বলেন, ''আসলে ৯ বার। কিন্তু কে আর মনে রাখছে?'' 
খোয়াজা একটা কার্ড বের করেন। তাতে লেখা অস্ট্রেলিয়া শেষ চারটি বর্ডার-গাভাসকর ট্রফিতে হার মেনেছে। মার্শ অবশ্য এই ধরনের হতাশাজনক পরিসংখ্যান নিয়ে আগ্রহী নন। তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন 'মিটিং ওভার'।

এতদিন পর্যন্ত প্রাক্তন অজি ক্রিকেটাররা ভারতীয়দের আক্রমণ করে যাচ্ছিলেন। এবার বর্তমান ক্রিকেটাররাই মাঠের বাইরে থেকে স্লেজিং শুরু করলেন।