আজকাল ওয়েবডেস্ক: নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের যাত্রা শুরু হল অত্যন্ত হতাশাজনকভাবে।
টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত সিরিজের প্রথম ম্যাচে বেলফাস্টের সিভিল সার্ভিস ক্লাব মাঠে আয়ারল্যান্ডের কাছে ৩৪ রানে হেরে বড় ধাক্কা খেয়েছে।
এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও ফরম্যাটে ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। মাত্র ১৮.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের ব্যর্থতার মাঝেও একমাত্র লড়াই করেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা।
মাত্র ২০ বলে ঝোড়ো ৪৯ রান করেন অভিষেক। ম্যাচ চলাকালীন স্কোরবোর্ডে দেখিয়ে দেয় অভিষেক অর্ধশতরান করে ফেলেছেন। কিন্তু আউট হওয়ার পর আম্পায়ারদের পর্যালোচনায় জানা যায়, একটি রান আসলে লেগ-বাই হিসেবে গণ্য হয়েছে।
ফলে তাঁর ব্যক্তিগত স্কোর এক রান কমে ৪৯-এ দাঁড়ায়। এই আম্পায়ারিং বিভ্রাটের জেরে মাত্র ১৯ বলে নিজের পঞ্চম টি-২০ আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব থেকে বঞ্চিত হন তিনি।
তবে ব্যক্তিগত রেকর্ডের খাতায় নতুন ইতিহাস গড়েছেন ভারতের এই বাঁ হাতি ওপেনার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১,০০০ রান করা ভারতীয় ব্যাটার এখন অভিষেক শর্মা।
অভিষেকের অর্ধশতরানটি আনুষ্ঠানিকভাবে যদি স্বীকৃতি পেত, তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও গড়তেন তিনি।
বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছেন নেদারল্যান্ডসের স্টেফান মাইবার্গ, যিনি ২০১৪ টি-২০ বিশ্বকাপে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ২০২৩ সালে চট্টগ্রামে ১৮ বলে এই কীর্তি গড়েন।
এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে হারের ফলে সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে ভারত। শেষ ম্যাচ জিততে পারলে কেবল সিরিজ ১-১ সমতায় শেষ করা সম্ভব হবে।
















