আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়ার হাতছানি,। বিশ্বরেকর্ড ভাঙার সামনে ভারতের ওপেনার অভিষেক শর্মা। 

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ভারত। এই ম্যাচেই ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মার।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করতে নেমে ইনিংসের প্রথম ৩৬ বলের মধ্যে যদি দু'টি ছক্কা হাঁকাতে পারেন অভিষেক, তাহলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার বিশ্বরেকর্ড গড়বেন তিনি। 

বর্তমানে অভিষেক শর্মার ঝুলিতে রয়েছে ৯৮টি ছক্কা। মাত্র ৭৭৫ বল খেলেই তিনি এই কীর্তি গড়েছেন। ফলে ১০০ ছক্কায় পৌঁছতে তাঁর প্রয়োজন আর মাত্র দু'টি ছক্কা। যদি সেই দু'টি ছক্কা তিনি পরবর্তী ৩৬ বলের মধ্যেই মারতে পারেন, তবে ৮১১ বলে ১০০ ছক্কা পূর্ণ করবেন এবং ভেঙে দেবেন অস্ট্রিয়ার করণবীর সিংয়ের বিশ্বরেকর্ড। করণবীর ৮১৩ বলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটের সামগ্রিক পরিসংখ্যানে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড রয়েছে ভারতের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশীর ঝুলিতে। মাত্র ৫১৫ বলেই এই নজির গড়েন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে বৈভবের। 

এদিকে, রবিবারের ম্যাচে দু'টি ছক্কা মারতে পারলে অভিষেক শর্মা ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করবেন। এই তালিকায় ইতিমধ্যেই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া। 

ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এখনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক। 

১৫৯টি ম্যাচে তিনি মোট ২০৫টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন।