আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের একটি ঘরোয়া ক্রিকেট ম্যাচ বিপজ্জনক পিচের কারণে মাঝপথে পরিত্যক্তই হয়ে গেল। 

ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। সিনিয়র পেসার জেডেন সিলস দুর্দান্ত বোলিং করে মোট সাতটি উইকেট নেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি আর হয়নি। 

ম্যাচটি ছিল
ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের। মুখোমুখি হয়েছিল লিওয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ ও টোবাগো। 

ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই পিচের আচরণ হঠাৎ করে অস্বাভাবিক হয়ে ওঠে। 

ঘটনার সূত্রপাত সিলসের একটি ডেলিভারি অপ্রত্যাশিতভাবে বাউন্স করে ব্যাটসম্যান জেরেমিয়া লইসের হেলমেটে আছড়ে পড়ে। বল হেলমেটে আছড়ে পড়ার পরে ব্যাটার মাটিতে পড়ে যান। হেলমেট খুলে যায়। ব্যাটার উঠে পড়ে হেলমেটে লাথি মেরে মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে তাঁকে কনকাশন পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

ঘটনার সময় লিওয়ার্ড আইল্যান্ডসের স্কোর ছিল ১৪০/৭। উইকেটগুলো নিয়েছিলেন সিলস।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ  এক বিবৃতিতে জানায়, পিচের অনিয়মিত বাউন্স ও বিপজ্জনক আচরণের জন্য খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। 

আম্পায়াররা পরিস্থিতি পর্যালোচনা করে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, পিচটি এমন অবস্থায় পৌঁছেছিল যে তা মেরামত করলেও একপক্ষের জন্য অন্যায্য সুবিধা তৈরি হতে পারত। 


ফলে নিয়ম অনুযায়ী ম্যাচটি ড্র হিসেবে ঘোষণা করা হয় এবং উভয় দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে ।

উল্লেখ্য, এই ভেন্যুতেই আগামী ১৭-২০ মে চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা রয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আশ্বাস দিয়েছে যে ফাইনালের আগে নিরাপদ ও প্রতিযোগিতামূলক পিচ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।