আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় শুরু হল ৫০তম জাতীয় সিনিয়র ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট ৫০ বছরে পদার্পণ করলেও প্রথমবার প্রতিযোগিতা কলকাতায় হচ্ছে। ২০ থেকে ২৫ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে টুর্নামেন্ট। মোট ২৫৮ জন পাওয়ারলিফটার অংশ নেবে। তারমধ্যে ১৫৬ জন পুরুষ, ১০৩ জন মহিলা। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীর পাশাপাশি রেলওয়েজ, বিএসএনএলের মতো অফিস দলগুলোও টুর্নামেন্টে অংশ নেবে। সামনেই বিশ্বচ্যাম্পয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস রয়েছে। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দল বাছাইয়ের আদর্শ মঞ্চ কলকাতায় অনুষ্ঠিত এই পাওয়ারলিফটিং টুর্নামেন্ট। তাই নিজেদের সেরাটাই দেবে প্রতিযোগীরা। মঙ্গলবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশনের সভাপতি সতীশ কুমার এবং বেঙ্গল পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম ব্যানার্জি। এছাড়াও ছিলেন কলকাতার ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশনের সভাপতি সতীশ কুমার জানান, 'অলিম্পিকের নন ইকুইপড বিভাগে অংশ নেওয়ায় কথা ভাবছে ভারতীয় পাওয়ারলিফটিং ফেডারেশন।' পরের পাঁচ দিনে কয়েকজন শক্তিশালী পাওয়ারলিফটারদের সাক্ষী থাকবে কলকাতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেবে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, কেরল, অন্ধ্র প্রদেশ, আন্দামান নিকোবর, তেলেঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড়, অসম, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, বিহার, গোয়া প্রমুখ। কলকাতায় অনুষ্ঠিত এই পাওয়ারলিফটিং টুর্নামেন্টে ২০ জন বিশেষভাবে সক্ষম পাওয়ারলিফটার অংশগ্রহণ করবে। এটাই এবারের প্রতিযোগিতার চমক। সদ্য অলিম্পিক শেষ হয়েছে। সেই হ্যাংওভার এখনও পুরোপুরি কাটেনি। তারওপর টুর্নামেন্টের দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। তাই শহরবাসীর আগ্রহ একটু হলেও বেশি থাকবে।
