আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রায় ২৫ বছর পর কংগ্রেস দলে 'ঘর ওয়াপসি' হল মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আবু সুফিয়ান সরকারের। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তিনি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে বিধায়ক ছিলেন। যদিও পরবর্তীকালে আবু সুফিয়ান, তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং জেলা আইএনটিটিইউসি-র সভাপতি পদে দীর্ঘদিন আসীন ছিলেন। 

কয়েক'শ কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মঙ্গলবার বহরমপুরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ফের একবার কংগ্রেসে যোগ দিলেন বর্ষীয়ান এই নেতা। কংগ্রেসের দাবি আবু সুফিয়ানের 'ঘর ওয়াপসি' হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে ভগবানগোলা বিধানসভা এলাকায় কংগ্রেস দল আরও শক্তিশালী হল। 

যদিও আবু সুফিয়ান  তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের ফিরে যাওয়ায় তৃণমূল দল হাঁফ ছেড়ে বেঁচেছে বলে জানিয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার। তৃণমূল বিধায়ক বলেন,"২০২১ -এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আবু সুফিয়ান  দলের হয়ে ভোট করেননি। এমনকী  ২০২৪- এর ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও তিনি দল বিরোধী কাজ করেছিলেন।"
 
তৃণমূল বিধায়ক বলেন,"গত ৫ বছর আবু সুফিয়ান তৃণমূল দলে কোনও পদে নেই। একসময় তিনি আইএনটিটিইউসি-র জেলা সভাপতি ছিলেন। কিন্তু দুর্নীতির কারণে দল তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয়। দল বিরোধী কাজের জন্য তিনি 'শোকজের' মুখেও পড়েছিলেন। কিন্তু তার উত্তর দেননি।"
 
রিয়াত হোসেন দাবি করেন,"হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টির সদস্য হতে চেয়ে এবং ভগবানগোলা কেন্দ্রে  প্রার্থী হওয়ার জন্য ওই দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন আবু সুফিয়ান। কিন্তু  জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, হুমায়ুন কবীর নামে অপর এক ব্যক্তিকে ভগবানগোলা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়ায় আবু সুফিয়ানের মোহভঙ্গ হয় এবং তিনি জনতা উন্নয়ন পার্টির আশা ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন।"

অন্যদিকে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়ে আবু সুফিয়ান বলেন,"গত ১৫ বছর আমি মন দিয়ে তৃণমূল কংগ্রেস করেছি। কিন্তু গত পাঁচ বছর ধরে দল আমার সঙ্গে ভালো আচরণ করেনি। ব্লক সভাপতিরা আমাকে প্রাপ্য মর্যাদা দিতেন না। দলের মধ্যে বিভিন্ন দুর্নীতি এবং টাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। এই কারণেই দল আমাকে বসিয়ে দেয়। তাই আমি তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসার সিদ্ধান্ত নিয়েছি।"
 
আবু সুফিয়ান আরও বলেন,"ভগবানগোলা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য আমি দল বদল করিনি। কংগ্রেস যাকেই প্রার্থী করবে আমি তাঁর হয়েই ভগবানগোলায় প্রচার করব।"
 
আবু সুফিয়ান আরও দাবি করেন,"আজ আমার সঙ্গে প্রায় ৩০০ জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী কংগ্রেসের যোগদান করেছেন।  আরও অনেকে ভয় সামনে আসছেন না।  তাঁরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে ভগবানগোলা কেন্দ্রে তাঁরা কংগ্রেসের হয়ে ভোট করবেন।"

প্রাক্তন কংগ্রেস বিধায়ককে ফের কংগ্রেসে যোগদান করিয়ে অধীর চৌধুরী বলেন,"এখন যাদেরকে তৃণমূল নেতা হিসেবে দেখেন তাঁরা কিছু পাওয়ার আশায় একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু তৃণমূল দলে দুর্নীতির কারণে তাঁদের এখন মোহভঙ্গ হয়েছে।"
 
অধীর আরও দাবি করেন,"বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের নব উত্থান হচ্ছে।  মানুষ নতুন করে কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তৃণমূল দল করতে পুলিশ লাগে, বিরিয়ানির প্যাকেট দিতে হয়। আমাদের দলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন।  আমরা আবু সুফিয়ানকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি।"