আজকাল ওয়েবডেস্ক: সন্ধ্যাবেলায় ফুচকার দোকানে জমজমাট ভিড়। খাদ্যরসিকরা দাঁড়িয়ে দেদার ফুচকা খেতে ব্যস্ত। ঠিক তখনই ঘটল বিপত্তি। ফুচকার দোকানে রাখা তেঁতুল জল দেখেই আঁতকে উঠলেন আশেপাশে সকলে। তেঁতুল জলে যা দেখা গেছে, তা দেখেই গা গুলিয়ে উঠেছে সকলের। এমনকী ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে। রাস্তার ধারে ফুচকার দোকানে তেঁতুল জলের মধ্যে জ্যান্ত ইঁদুর দেখা গেছে। এমনকী তেঁতুল জলের পাত্র থেকে ইঁদুরটিকে লাফিয়ে বাইরে বেরিয়ে যেতেও দেখেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ার এক কন্টেন্ট ক্রিয়েটার সম্প্রতি এই ঘটনার ভিডিওটি শেয়ার করেছেন। যা দেখে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন একাংশের নেটিজেনরা। অনেকের কাছেই ঘটনাটি অবিশ্বাস্য বলেও মনে হয়েছে। 

জানা গেছে, ওই কন্টেন্ট ক্রিয়েটার ও তাঁর এক বন্ধু ওই দোকানে গিয়ে ফুচকা খাচ্ছিলেন। আচমকাই তেঁতুল জলের পাত্রটি নড়াচড়া করতে দেখেন। তাতেই সন্দেহ হয় তাঁদের। কয়েক সেকেন্ড পরেই তেঁতুল জলের মধ্যে ইঁদুরটি দেখা যায়। দোকানদার সেটিকে উদ্ধার করার আগেই তেঁতুল জলের পাত্র থেকে ইঁদুর লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর নর্দমায় ঢুকে পড়ে। 

তড়িঘড়ি ওই তেঁতুল জলের পাত্রটি রাস্তায় ফেলে দেন দোকানদার। ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখেছেন। যা দেখার পরে রাস্তার পাশের খাবারের মান ও রাজ্যের খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের। ওই শহরেও ঘটনাটি ঘিরে শোরগোল ছড়িয়েছে। 

দিনকয়েক আগে আরেকটি ফুচকার দোকানেও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। ফ্রিতে চাই ফুচকা। ভরা রাস্তায় অদ্ভুত দাবি যুবকের। বিনামূল্যে ফুচকা দিতে রাজি না হওয়ায়, বিক্রেতাকে পরপর ছুরির কোপ। শিউরে ওঠা দৃশ্য বেঙ্গালুরুর ভরা রাস্তায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের বেঙ্গালুরুতে। পুলিশ জানিয়েছে, বৈতরণপুর এলাকায় এক ফুচকা বিক্রেতার উপর ভয়ঙ্কর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিনামূল্যে ফুচকা চেয়েছিলেন ওই যুবক। যা দিতে রাজি হননি বিক্রেতা। বিনামূল্যে ফুচকা না পেয়েই বিক্রেতাকে কুপিয়ে খুনের চেষ্টা করেন ওই যুবক। 

পুলিশ আরও জানিয়েছে, পরপর ছুরির আঘাতে গুরুতর চোট পান ওই ফুচকা বিক্রেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বৈতরণপুর এলাকার ভরা রাস্তায় ভয়াবহ ঘটনাটি ঘটেছিল। সেই সময় রাস্তায় প্রচুর লোকজন ছিলেন। ধৃত যুবক মত্ত অবস্থায় ছিলেন সেই সময়। মত্ত অবস্থায় বিক্রেতার স্টলে এসে বিনামূল্যে ফুচকা খাওয়ার দাবি করেন। কিন্তু তা দিতে রাজি হননি ওই বিক্রেতা। রাগের মাথায় সেই সময় ফুচকা বিক্রেতার পেটে পরপর ছুরির কোপ বসান। রক্তাক্ত অবস্থায় ফুচকা বিক্রেতা লুটিয়ে পড়তেই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যান। 

জানা গেছে, ধৃত যুবকের বয়স ২০ বছরের আশেপাশে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।