আজকাল ওয়েবডেস্ক: স্টেশনের মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড। রেললাইনের মধ্যে নাক ডেকে ঘুম এক তরুণের। তাও আবার গায়ে চাদর জড়িয়ে। ঠিক সেই সময়েই প্ল্যাটফর্মে ঢুকছিল একটি ট্রেন। আশেপাশে যাত্রীদের চিৎকার শুনেও ঘুম ভাঙেনি তরুণের। তার জেরেই ট্রেনের চালক এক চাঞ্চল্যকর পদক্ষেপ করেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। যে ঘটনার জেরে হার্বার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ওই স্টেশনে হার্বার রেললাইনে ১৯ বছরের অবিনাশ প্রকাশ নামের এক তরুণ গায়ে চাদর জড়িয়ে ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই একটি ট্রেন ওই লাইনে ঢুকছিল। ঘুমন্ত তরুণকে উদ্ধার করতে না পেরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে। 

রেল পুলিশ জানিয়েছে, অবিনাশ ওই স্টেশনেই সাফাইকর্মী ছিলেন। সোমবার মত্ত অবস্থায় রেললাইনের ওপর শুয়ে পড়েন। তাঁর ধারণা ছিল, ট্রেনটি তাঁর ওপর দিয়েই দ্রুত গতিতে চলে যাবে। নিত্যযাত্রীরা চিৎকার করে তাঁকে ডাকেন। ট্রেন একাধিকবার হুইসেল দেয়। কিন্তু তাতেও ঘুম ভাঙেনি তরুণের। নাক ডেকে ঘুমাচ্ছিলেন তিনি। 

ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পরেও, ওই লাইনে খানিকক্ষণের জন্য থমকে যায়। ট্রেনের চালক তরুণকে দেখেই ট্রেনটি থামিয়ে দেন। অবশেষে রেল পুলিশ ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে তরণকে উদ্ধার করে। তার কিছুক্ষণ পরেই রেল চলাচল স্বাভাবিক হয় ওই লাইনে। তরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 

দিন কয়েক আগে এক লোকাল ট্রেনে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের এক লোকাল ট্রেনে। ঘাটকুপার স্টেশনের কাছে সেন্ট্রাল রেলে বোরখা পরে এক যুবক হাতেনাতে ধরা পড়েন মহিলা কামরায়। বোরখা পরা ছিল বলে প্রথমে কেউ তাঁকে সন্দেহ করেননি। কিন্তু কয়েক মহিলা যাত্রীর বোরখা পরিহিতকে দেখে সন্দেহ হয়। বিশেষত তাঁর আচার আচরণ, হাবভাব দেখেই সন্দেহ দানা বাঁধে মহিলা যাত্রীদের মনে। 

কয়েকজন আলাপ আলোচনাও করেন। অবশেষে ধরা পড়েন যুবক। এরপরই যুবকের সঙ্গে ঝামেলা শুরু হয় মহিলা যাত্রীদের। আতঙ্কে অনেকেই তুমুল অশান্তি শুরু করেন। যুবক যদিও বুঝিয়ে বলার চেষ্টা করেন, জেনারেল কামরায় ভিড় ছিল বলেই এভাবেই মহিলা কামরায় উঠতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু তাঁর কথায় কেউ কর্ণপাত করেননি। 

কয়েকজন মহিলা যাত্রী তড়িঘড়ি করে রেল পুলিশ ও আরপিএফকে খবর দেন। খবর পেয়েই তড়িঘড়ি স্টেশনে পৌঁছে যায় আরপিএফ ও রেল পুলিশ। কিন্তু তাঁকে ধরার আগেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যান যুবক। ইতিমধ্যেই স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে যুবককে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।