গর্ভাবস্থায় শেষ পর্যায় এসেও অফিস থেকে ছুটি পাননি তরুণী৷ নিজের এবং সন্তানের স্বাস্থ্যের চূড়ান্ত ঝুঁকি নিয়েও অফিস করতে বাধ্য হয়েছিলেন তরুণী৷ বারবার ছুটির আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে, এমনই অভিযোগ৷
গর্ভাবস্থায় মায়ের টানা মানসিক এবং শারীরিক ধকলের জেরে সন্তান প্রসব করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সদ্যোজাতের৷ সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে আদালতের তরফে৷ সন্তানহারা মাকে ২১১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আমেরিকার ওহায়ো শহরে টোটাল কোয়ালিটি লজিস্টিক নামে এক বেসরকারি সংস্থার নামে এই অভিযোগ। এই সংস্থায় কর্মরতা এক তরুণী সন্তান হারিয়েছেন৷ গর্ভাবস্থায় ভারী কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছিল৷ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল চিকিৎসকের তরফে৷
চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্য বাড়ি থেকে কাজ করার আবেদন জানিয়েছিলেন তরুণী৷ সেই আর্জি খারিজ করে দেয় সংস্থাটি। অফিস না এলে বেতন কাটা যাবে এমনটাও জানায় সংস্থা৷
চাকরি টিকিয়ে রাখতে চিকিৎসকের পরামর্শ না মেনে ২১ সপ্তাহের গর্ভাবস্থায় তরুণী অফিস যাওয়া আসা করেন৷ এর ফল হয় মারাত্মক। সন্তান জন্মের ৯০ মিনিট পর মৃত্যু হয় সদ্যজাতের৷
এই অমানবিক ঘটনার জেরে আদালত সংস্থাকে দায়ী করে৷ ভারতীয় মুদ্রায় ২১১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়৷
