হোয়াটসঅ্যাপ অনবরত ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, পরিষেবাকে আরও স্মুদ এবং আকর্ষণীয় করে তুলতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসে। এবার এমন এক ফিচার আনল হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা যাতে দারুণ সুবিধা হবে বাবা মায়েদের। 

বর্তমান সময়ে পড়াশোনা হোক বা স্কুল কলেজের গ্রুপের জন্য, বাচ্চাদের এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করতেই হয়। কিন্তু সেটা তারা কেবল কাজের জন্য ব্যবহার করে, নাকি আরও অন্য কিছুর জন্য সেটা সবসময় নজর রেখে উঠতে পারেন না বাবা মায়েরা। এবার সেই সমস্যা সমাধান করতে এই নতুন ফিচার আনল মেটা। 

এই নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে ১৩ বছরের নিচের বাচ্চারা। সেখানে থাকবে বাবা মায়েদের জন্য বেশ কিছু সুবিধা। বাবা মায়েরা যাতে কন্ট্রোল করতে পারে সন্তানদের হোয়াটসঅ্যাপ ব্যবহার তার জন্য একাধিক সেফটি ফিচার থাকবে। কতক্ষণ বা ক'টা মেসেজ পাঠাতে পারবে বা কতক্ষণ কলে কথা বলবে, সবটাই নির্ধারণ করে দিতে পারবেন বাবা মায়েরা। 

কোম্পানির তরফে জানানো হয়েছে, এই নতুন অ্যাকাউন্ট বাবা মায়েদের দাবি মেনেই বানানো হয়েছে, যাঁরা চান সন্তানরা এই মেসেজিং অ্যাপ ব্যবহার করুক কিন্তু তাঁদের নজরদারিতে। আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন ফিচার চলে আসবে বলে জানা গিয়েছে। 

বাবা মায়েরা যে অ্যাকাউন্ট কন্ট্রোল করবে সেখানে অচেনা কোনও নম্বর থেকে মেসেজ এলে, সেগুলো মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে চলে যাবে। আর সেই ফোল্ডারে যাওয়ার জন্য পিন দিতে হবে, যা থাকবে বাবা মায়েদের কাছে। এই অ্যাকাউন্টগুলোকে গ্রুপে তখনই অ্যাড করা যাবে যখন বাবা মায়েদের তরফে নিশ্চিত করা হবে। এমনকী গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক, ইত্যাদি বাবা মায়েরা অ্যাপ্রুভ করতে পারেন। 

তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই বিশেষ ধরনের অ্যাকাউন্ট বিশ্বের সব জায়গায় উপলব্ধ নাও হতে পারে।

হোয়াটসঅ্যাপে আসছে আরও নতুন ফিচার। এই যেমন, এতদিন হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপে যখন আপনি জয়েন করতেন, আপনার জয়েন করার আগের কথপোকথন কিছুই দেখতে পেতেন না। কিন্তু এখন সেটা সম্ভব হবে। এছাড়া ইমোজি দিলেই এবার স্টিকারের সাজেশন পাওয়া যাবে। ধরুন আপনি কারও সঙ্গে কথা বলার সময় রাগ করার ইমোজি টাইপ করলেন। তখন সেটার সঙ্গে মিল রেখে রাগের কোনও স্টিকার হোয়াটসঅ্যাপ নিজে থেকেই আপনাকে সাজেস্ট করবে। অর্থাৎ এর জন্য আপনাকে আলাদা করে স্টিকার অপশনে গিয়ে মানানসই স্টিকার খুঁজতে হবে না। এ হেন আরও বেশ কিছু আপডেট আসছে।