আগে রাস্তায় বেরোলে মানিব্যাগ বা পার্স নিতেই হত৷ এখন ডিজিটাল লেনদেনের যুগে ইউপিআই, ফোনপে-এর মতো সুযোগ সুবিধা থাকায় হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই অ্যাকাউন্টের টাকা খরচ করে প্রয়োজন মেটানো যায়৷
এখন বেশিরভাগ মানুষই ইউপিআই, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করেন। এর ফলে অনেক সময় বুঝতেই পারেন না ঠিক কতটা খরচ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য সমাজমাধ্যমে ভাইরাল ক্যাশ অনলি উইকেন্ড৷
সপ্তাহের ছুটির দিনগুলোতে শুধু নগদ টাকাই খরচ করা হয়৷ কোনও রকম ডিজিটাল লেনদেন না করে বাইরে বেরোলে নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা নিয়ে বেরোনো হচ্ছে৷ যেমন ধরুন, কেউ ঠিক করলেন সপ্তাহান্তে ১০০০ টাকা খরচ করবেন। সেই টাকা হাতে নিয়ে বেরোবেন এবং এই টাকায় যা কিছু হবে সেটাই কিনবেন৷ টাকা শেষ হয়ে গেলে সেদিন আর অতিরিক্ত কোনও খরচ করা যাবে না। এই সহজ নিয়ম অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করছে।
কেন এই ট্রেন্ড জনপ্রিয় হচ্ছে?
ডিজিটাল লেনদেনে যেহেতু কয়েকটা ক্লিকেই টাকা খরচ হয়ে যায়, তাই অনেক সময় বহু অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলা হয়৷ এক্ষেত্রে খরচের হিসাব থাকে না৷ নগদ টাকা ব্যবহার করলে খরচের সময় কত খরচ হল আর হাতে কত টাকা থাকল সেই হিসাব থাকে৷ এটি খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
কীভাবে করবেন?
ক্যাশ অনলি উইকেন্ড শুরু করতে সপ্তাহান্তের জন্য একটি বাজেট ঠিক করুন। সেই পরিমাণ টাকা নগদে তুলে রাখুন। বাইরে বেরোনোর সময় শুধু সেই নগদ টাকা ব্যবহার করুন।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, নগদ টাকা দিয়ে খরচ করলে মানুষ অনেক বেশি সচেতন থাকেন।
মনস্তাত্ত্বিক দিক থেকেও নগদ টাকা খরচ করার সময় মানুষের মধ্যে পেন অফ পেয়িং বা খরচের অনুভূতি বেশি কাজ করে। ফলে অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা কমে যায়৷
