'প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে...!', আর প্রেমের ফাঁদে একবার পড়লে মানুষ যে কী কী করতে পারে তার ইয়ত্তা নেই। ঠিক যেমন এই যুবক যেমনটা ঘটিয়েছেন। 

কী ঘটেছে? সামান্য জ্বর নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন দেখাতে। কিন্তু তারপর সেখানেই থেকে যান দীর্ঘ ছয় মাস! হ্যাঁ, ৬ মাস। কেন? কারণ তিনি প্রেমে পড়েছিলেন। সেই হাসপাতালের এক নার্সের প্রেমে পড়ে ওই হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে সুস্থ হওয়ার পরও কোনও না কোনও অছিলায় সেখানে থেকে যান। এবং শেষ পর্যন্ত দীর্ঘ ৬ মাস পর তাঁর যখন ছুটি হয়, বাড়ি ফেরেন, সেই সময় তাঁকে কড়কড়ে ১২ লাখ টাকার বিল মেটাতে হয়। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে দ্বিধা বিভক্ত গোটা নেটপাড়া। কেউ মজা করে লেখেন, 'প্রেমে পড়া সহজ। তাতে কোনও টাকা লাগে না। প্রেম অমূল্য। কিন্তু হাসপাতালে বসে প্রেম করতে চাইলে পকেটে কতটা চাপ পড়তে পারে এই ঘটনা সেটারই উদাহরণ।' কেউ আবার এই যুবকের সঙ্গে মুন্নাভাই এমএমবিএস এর মিল পেয়েছেন, যে সুস্থ হওয়ার পরও কোনও না কোনও ছুঁতোয় সেখানে থেকে গিয়েছেন।

তবে অনেকের মতেই এটা ফেক, কারণ কোনও হাসপাতাল এভাবে কাউকে বেড দখল করে অকারণ থাকতে দেবে না। এক ব্যক্তি এই বিষয়ে লেখেন, 'ওটা হাসপাতাল, প্রেম করার জায়গা না। মানুষ ওখানে চিকিৎসা করাতে যায়, বেড দখল করে রাখতে নয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এটা বাস্তবে ঘটতেই পারে না। কোন হাসপাতাল আছে এমন যে কেউ সুস্থ হওয়ার পরও তাকে রেখে দেবে?' কেউ আবার মজা করে লেখেন, 'প্রেমেরও তবে দাম আছে!'