আজকাল ওয়েবডেস্ক: অনিয়মিত জীবনযাপনের সঙ্গে স্ট্রেস, এখন নিত্যদিনের সঙ্গী। সঙ্গে খাওয়াদাওয়ার অনিয়ম সহ শরীরচর্চার অভাব চরম বিপদ ডেকে আনে লিভারের। অল্পবয়সেই লিভারে জমতে শুরু করে টক্সিন। সঙ্গে বেড়ে যায় ওজন। পিছু নেয় না জটিল অসুখ। যার জন্য অনেকেই ওষুধের আশ্রয় নেন। কিন্তু ঘরে তৈরি একটি পানীয়তেই যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
একটি বড় আদার অর্ধেক টুকরো, এক আঁটি পরিষ্কার করে ধুয়ে নেওয়া পুদিনাপাতা ও অর্ধেক লেবুর রস নিন। একটি সসপ্যানে তিন কাপ জল দিন। জলে খোসা সহ টুকরো করে রাখা আদা ও পুদিনাপাতা দিয়ে দিন। অল্প আঁচে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন। জল ফুটে ১ কাপ হলে গ্লাসে ছেঁকে ঢেলে দিন। ঠান্ডা হতে দিন। খাওয়ার আগে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় দিনের যে কোনও সময় খেতে পারেন।
পানীয়টির প্রত্যেকটি উপাদানের নিজস্ব আলাদা গুণ রয়েছে। বমি ভাব, হজম ও গ্যাস অম্বলের সমস্যা থেকে রেহাই পেতে আদার জুড়ি নেই। পেটের সমস্যা দূর করে পুদিনাপাতা। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিটিউমার এবং অ্যান্টি-অ্যালার্জেনিক বৈশিষ্ট্য রয়েছে। পাতিলেবুতে রয়েছে প্রচুর প্রাকৃতিক ভিটামিন সি।এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।
শরীর থেকে টক্সিন বের করে দিতে সক্ষম এই পানীয়। পেটের গোলমাল ঠেকাতে এই পানীয় খেলে প্রোবায়োটিক উপাদান কিংবা গ্যাসের ওষুধ খাওয়ার দরকার পড়বে না। ঘরোয়াভাবে তৈরি লিভারের যত্নে এমন শক্তিশালী পানীয় আর নেই বললেই চলে!
















