আজকাল ওয়েব ডেস্ক: শীতের আমেজ পড়তে শুরু করেছে। আর শীত মানেই তো উৎসবের মরসুম। বিয়েবাড়ি, পার্টি লেগেই আছে। জমকালো সাজের সঙ্গে শুষ্ক ত্বকের জুড়ি একেবারেই বেমানান। ফাটা গোড়ালি, শুষ্ক হাত পা খুবই অস্বস্তি তৈরি করে। তাই ত্বকের যত্ন নেওয়া জরুরি। কিন্তু কী ভাবে?

বাজারচলতি প্রসাধনীর বদলে বাজারের সব্জিতেও ভরসা করতে পারেন। শীতের সবজি বিট এখন বছরভরই পাওয়া যায়। বিটের রস শরীরের জন্য খুব উপকারী। ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর বিট বলিরেখা দূর করতে, দাগছোপ কমাতে সাহায্য করে। চোখের তলায় কালচে দাগও দূর করে এটি। তাই ঘরেই তৈরি করুন বীট দিয়ে তৈরি ফেস জেল যা আপনার ত্বককে হাইড্রেট করবে এবং ত্বকের শুষ্কতা দূর হবে।

একটি গোটা বীটকে খোসা ছাড়িয়ে গ্ৰেট করে নিন। খুব মিহি করে ঘষবেন। গ্ৰেট করা বীট থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে রস নিংড়ে নিন। বীটের রসের সঙ্গে এক চামচ করে গোলাপ জল, অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মিশিয়ে নিন। ভাল মতো ফেটিয়ে নিন। একটি থকথকে জেল তৈরি হলে কাচের ছোট জারে ভরে রাখুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে শুষ্ক ত্বকের সব জায়গায় ব্যবহার করুন এই জেল। ত্বক হবে টানটান, মসৃণ ও কোমল।

এই গাঢ় লাল রঙের সবজিটিতে রয়েছে ভরপুর ভিটামিন সি যা ত্বকের অতিরিক্ত তেল কমায় ও ব্রণ হওয়ার প্রবণতা কম করে। বিট জুস বা রস ত্বকের ব্রণের দাগ, বলিরেখা ও কালো ছোপ দূর করতে কাজে লাগে। ত্বকের উপর জেদি ট্যান সরাতে, নিস্তজ ত্বককে উজ্জ্বল করে তুলতে বিটের কোনও বিকল্প নেই। ফেসপ্যাক বা রস হিসেবে ব্যবহার করা হলে প্রাকৃতিকভাবে ত্বকের রঙ উজ্জ্বল হতে পারে। এছাড়া এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও বেটিইন, ভিটামিন সি নামক অ্যামিনো অ্যাসিড, যা রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখতে ও অকাল বার্ধক্যের প্রতিটি লক্ষণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।