কখনও কখনও এমন একজন মানুষ আমাদের জীবনে আসেন, যাকে দেখে মনে হয়, এই মানুষটাকেই যেন অনেকদিন ধরে খুঁজছিলাম। অনেকেই একে 'সোলমেট' বা জীবনের সঠিক মানুষ বলে মনে করেন। আর এই মানুষটি জীবনে এলে মহাবিশ্ব নাকি কিছু বিশেষ ইঙ্গিত দেয়, এমন ধারণা প্রচলিত রয়েছে। যা বুঝতে পারলে বোঝা যায়, সম্পর্কটি সাধারণ নয়, একটু অন্যরকম।
প্রথম লক্ষণ হল এক অদ্ভুত শান্তি। ওই মানুষটির সঙ্গে থাকলে মন খুব হালকা লাগে, অকারণ দুশ্চিন্তা কমে যায়। তাঁর সামনে নিজের মতো করে থাকা যায়, কিছু লুকোতে হয় না। মনে হয়, এটাই যেন নিজের জায়গা।
হঠাৎ হঠাৎ বারবার দেখা হয়ে যাওয়া, একই রকম অভিজ্ঞতা বা পছন্দ থাকা-এসব দেখে অনেকেই মনে করেন, এটা শুধু কাকতালীয় নয়, এর পিছনে অন্য কিছু রয়েছে।
খুব দ্রুত ঘনিষ্ঠতা তৈরি হওয়ার আরেক লক্ষণ। অল্প সময়েই মনে হয়, অনেকদিনের চেনা। কথাবার্তা, ভাবনা-সবকিছুতেই মিল খুঁজে পাওয়া যায়। এমনকি অনেক সময় না বললেও একে অপরের মন বুঝে নেওয়া যায়।
গভীর বোঝাপড়া অর্থাৎ ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তা সহজেই মিটে যায়। ঝগড়া হলেও সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় থাকে না, বরং সম্পর্ক আরও মজবুত হয়।
জীবনে ভাল পরিবর্তন আসে। ওই মানুষটি আপনার জীবনে আসার পর আপনি নিজের উন্নতি করতে চান, আরও ভাল মানুষ হতে ইচ্ছে হয়। সে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
স্বপ্ন বা অদ্ভুত অনুভূতি কখনও মনে হতে পারে, এই মানুষটিকে আগে কোথাও দেখেছেন বা চেনেন। যদিও বাস্তবে তা সম্ভব নয়। এই অনুভূতিকে অনেকেই বিশেষ সংযোগ হিসেবে মনে করেন।
সম্পর্কের মধ্যে একটা গভীর টান থাকে। দূরে থাকলেও মনে হয়, সেই মানুষটির সঙ্গে একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে।
তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এই সব লক্ষণ পুরোপুরি বিশ্বাস ও অনুভূতির উপর নির্ভর করে। সব কাকতালীয় ঘটনাই যে সোলমেটের ইঙ্গিত, তা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সেই সম্পর্ক আপনাকে সম্মান, সুখ এবং মানসিক শান্তি দিচ্ছে কিনা। যদি দেয়, তাহলে সেটাই আপনার জীবনের সঠিক সম্পর্ক হতে পারে।















