বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ৩৯ বছরে পা দিলেন। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছার পাশাপাশি চর্চায় এসেছে তাঁর ফিটনেস ও ডায়েটের রহস্য। কীভাবে এত বছর ধরে নিজেকে ফিট ও সতেজ রাখেন, তা নিয়েই আগ্রহ সকলের। সম্প্রতি তিনি জানিয়েছেন, নিরামিষ ও ভেগান ডায়েটে যাওয়ার পর শরীরে বেশ ‘মজার ও ইতিবাচক’ পরিবর্তন লক্ষ্য করেছেন।

শ্রদ্ধা কয়েক বছর আগে আমিষ খাবার ছেড়ে নিরামিষ জীবনযাপন শুরু করেন। পরে কিছু সময়ের জন্য ভেগান ডায়েটও মেনে চলেন। ভেগান মানে শুধু মাংস নয়, দুধ-ডিম-দুগ্ধজাত খাবারও বাদ দেওয়া। তাঁর কথায়, এই পরিবর্তনের পর শরীর অনেক হালকা লাগে, হজম ভাল হয় এবং এনার্জি বেড়েছে বলেও তিনি অনুভব করেন। মানসিক দিক থেকেও নিজেকে বেশি সতেজ মনে হয়েছে।

তবে তিনি খুব কড়া নিয়মে বাঁধা নন। শ্রদ্ধা জানিয়েছেন, ডায়েট মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। তিনি মূলত ঘরোয়া, সহজ খাবার পছন্দ করেন। যেমন ডাল, ভাত, সবজি, স্যালাড ইত্যাদি। একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে কন্টিনেন্টাল বা এশিয়ান খাবারও খান। তিনি রুটি খুব একটা পছন্দ করেন না বলেও মজার ছলে জানিয়েছেন।

খাওয়ার সময় নিয়েও সচেতন শক্তি কাপুরের মেয়ে। সাধারণত সন্ধে সাড়ে ছ’টা থেকে সাড়ে সাতটার মধ্যে রাতের খাবার শেষ করার চেষ্টা করেন তিনি। এতে হজম ভাল হয় এবং ঘুমও ঠিকমতো হয় বলে নায়িকার বিশ্বাস। এছাড়া নিয়মিত ব্যায়াম, কার্ডিও ও হালকা ওয়ার্কআউট তাঁর দৈনন্দিন রুটিনের অংশ।

শ্রদ্ধা ভারসাম্যে বিশ্বাসী। মাঝে মধ্যে যদি ঠান্ডা পানীয়, চিপস বা ভাজাভুজি খেতে ইচ্ছে করে, তাও খান, তবে পরিমাণে খুব কম। তাঁর মতে, জীবনে আনন্দও জরুরি। তাই পুরোপুরি বারণ নয়, বরং নিয়ন্ত্রণই আসল কথা।