চুল পড়া বা পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? অনেকেই এর সমাধান খোঁজেন নানা দামী প্রোডাক্টে। তবে করিনা কাপুরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর জানিয়েছেন, চুলের আসল যত্ন শুরু হয় আমাদের প্রতিদিনের খাবার থেকেই। 

রুজুতার মতে, আমরা কী খাচ্ছি তার উপরই চুলের স্বাস্থ্য অনেকটা নির্ভর করে। অনেকেই ওজন কমানোর জন্য ভাত বা কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেন। এতে শরীরে শক্তির ঘাটতি হয় এবং তার প্রভাব পড়ে চুলে। তাই তিনি পরামর্শ দেন, নিয়মিত পরিমাণ মতো ভাত খাওয়া উচিত, কারণ এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায় এবং চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করে।

এছাড়া মরশুমি ফল খাওয়ার উপর বিশেষ জোর দিয়েছেন রুজুতা। আমলকি, পেয়ারা, কমলার মতো ফলে ভিটামিন সি থাকে, যা শরীরে আয়রন শোষণ বাড়ায়। ফলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে এবং চুল হয় আরও মজবুত ও ঘন।

ডাল ও ডালজাতীয় খাবারও চুলের জন্য খুবই উপকারী বলে জানান রুজুতা। মুগ, অড়হর বা ছোলার মতো ডালে থাকে প্রোটিন, ভিটামিন বি ও ফাইবার, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

এছাড়াও তিনি হালিম বীজ বা গার্ডেন ক্রেস সিড খাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে ফলিক অ্যাসিড ও আয়রন রয়েছে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তবে এটি সঠিকভাবে খাওয়া জরুরি। লাড্ডু বা ক্ষীরের মতো খাবারের সঙ্গে খেলে বেশি উপকার পাওয়া যায়।

শুধু খাবার নয়, কিছু অভ্যাসের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন রুজুতা। যেমন, সপ্তাহে অন্তত একদিন তেল দিয়ে মাথা ম্যাসাজ করা, নিয়মিত চুল আঁচড়ানো এবং অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করা।

সবমিলিয়ে, রুজুতার পরামর্শ অনুযায়ী, চুল ভাল রাখতে হলে শুধু বাইরের যত্ন নয়, ভেতর থেকেও পুষ্টি দেওয়া জরুরি। তাই দামি প্রোডাক্টের পিছনে না ছুটে, প্রতিদিনের সঠিক খাবারই হতে পারে সুন্দর ও স্বাস্থ্যকর চুলের সহজ সমাধান।