সোশ্যাল মিডিয়ার যুগে ১০-১২ ধাপের স্কিনকেয়ার রুটিন যেন এখন ট্রেন্ড। দামি সিরাম, টোনার, এসেন্স, নাইট ক্রিম—সব মিলিয়ে অনেকেই বিশ্বাস করেন, সুন্দর ত্বক পেতে গেলে দীর্ঘ রুটিন মেনে চলতেই হবে। তবে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এই ধারণার সঙ্গে একেবারেই একমত নন। তাঁর মতে, ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বককে বোঝা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, তিনি কখনওই ট্রেন্ডের পেছনে ছোটেন না। নতুন কোনও স্কিনকেয়ার প্রোডাক্ট বাজারে এলেই তা ব্যবহার করার অভ্যাসও তাঁর নেই। বরং ছোটবেলা থেকে যেসব প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পরিচর্যার সঙ্গে তিনি পরিচিত, সেগুলোর উপরই আস্থা রাখেন। তাঁর বিশ্বাস, শরীর ও ত্বক যেটার সঙ্গে দীর্ঘদিন ধরে মানিয়ে নিয়েছে, সেটাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর। 

রানির মতে, প্রতিদিন নতুন নতুন প্রসাধনী ব্যবহার করার চেয়ে একটি সহজ রুটিন নিয়মিত মেনে চলাই বেশি উপকারী। কারণ বারবার প্রোডাক্ট বদলালে অনেক সময় ত্বক বিভ্রান্ত হয়ে পড়ে এবং অ্যালার্জি বা ব্রেকআউটের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই তিনি অযথা পরীক্ষানিরীক্ষা না করে পরিচিত এবং বিশ্বস্ত উপাদান ব্যবহার করতে পছন্দ করেন। 

নারকেল তেলেই ভরসা রাখেন রানি৷ ত্বক এবং চুলের যত্নে এখনও তিনি নারকেল তেল ব্যবহার করেন। তাঁর মতে ত্বক ও চুল ভাল রাখতে আর্দ্রতা ধরে রাখতে নারকেল তেলের কোনও বিকল্প হয় না৷ 

অভিনেত্রীর এই ভাবনা আজকের বিউটি ট্রেন্ডের থেকে অনেকটাই আলাদা। যেখানে অধিকাংশ মানুষ একের পর এক ভাইরাল স্কিনকেয়ার টিপস অনুসরণ করছেন, সেখানে রানি মনে করেন, সৌন্দর্যের আসল চাবিকাঠি হল নিজের ত্বকের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী পরিচর্যা করা। শুধু বাহ্যিক প্রসাধনী নয়, সুস্থ জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তিও ত্বকের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

রানির এই সরল দর্শন অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে। কারণ সুন্দর ত্বক পেতে সবসময় দামি প্রসাধনী বা জটিল রুটিনের প্রয়োজন হয় না। বরং অল্প কয়েকটি অভ্যাস নিয়মিত মেনে চললে এবং ত্বকের সঙ্গে মানানসই পরিচর্যা করলে দীর্ঘদিন সুস্থ ও উজ্জ্বল ত্বক বজায় রাখা সম্ভব।
তবে বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। তাই অন্য কারও রুটিন হুবহু অনুসরণ করার বদলে নিজের ত্বকের প্রয়োজন অনুযায়ী স্কিনকেয়ার বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। রানি মুখোপাধ্যায়ের মতোই যদি আপনি সরল এবং ধারাবাহিক পরিচর্যায় বিশ্বাস করেন, তাহলে অযথা অসংখ্য প্রোডাক্টের পিছনে না ছুটে একটি সহজ, কার্যকর এবং নিয়মিত স্কিনকেয়ার রুটিন গড়ে তোলাই হতে পারে সুস্থ ও সুন্দর ত্বকের আসল রহস্য।