মানুষকে প্রথম দেখাতেই বিচার করা ঠিক নয়, এ কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তবুও বাস্তবে অনেক সময় প্রথম দেখাতেই কারও সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়। মনোবিজ্ঞানীরা বলেন, কিছু নির্দিষ্ট আচরণ লক্ষ্য করলে খুব দ্রুত একজন মানুষের চরিত্র ঠিক কেমন তা আন্দাজ করা যায়। 

বিশেষজ্ঞদের মতে, প্রথমেই খেয়াল করতে হবে যে একজন মানুষ কী নিয়ে বেশি কথা বলে। কেউ যদি সবসময় নিজের সাফল্য, টাকা বা চেহারা নিয়ে গর্ব করেন, তাহলে বুঝতে হবে তার মধ্যে নিরাপত্তাহীনতা থাকতে পারে। আত্মবিশ্বাসী মানুষ সাধারণত এতটা নিজেকে নিয়ে আত্মদম্ভে ভোগে না।

এছাড়া, সে কী নিয়ে অভিযোগ করে, সেটাও গুরুত্বপূর্ণ। যারা সবসময় অন্যদের দোষ দেয় বা অভিযোগ করতে থাকে, তারা অনেক সময় নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চায়। অন্যদিকে, যারা সমস্যার সমাধান খোঁজে, তারা বেশি ইতিবাচক মানসিকতার হয়।

মনোবিজ্ঞানীরা আরও বলছেন, একজন মানুষ কীসে রেগে যায়, সেটাও তার চরিত্রের ইঙ্গিত দেয়। ছোটখাটো বিষয়ে যদি কেউ বেশি রেগে যায়, তাহলে সেটা ধৈর্যের অভাব বা মানসিক চাপে থাকার লক্ষণ হতে পারে। আবার সময় বা সম্মান নিয়ে সংবেদনশীল হলে বোঝা যায়, সে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ঠিক কোন বিষয়টিতে উল্টোদিকের মানুষটি আনন্দ পায় তাও গুরুত্বপূর্ণ। কেউ যদি অন্যের কষ্ট বা ব্যর্থতায় আনন্দ পায়, তাহলে তার মধ্যে সহানুভূতির অভাব থাকতে পারে। বিপরীতে, যারা নিজের ভুল নিয়েও হাসতে পারে, তারা সাধারণত বেশি পরিণত এবং আত্মবিশ্বাসী হয়।
এছাড়া, অন্যদের সঙ্গে ব্যবহার বিশেষ করে যাদের সামাজিক অবস্থান যেমন ওয়েটার বা সহায়ক কর্মীদের সঙ্গে আচরণ খুব বড় ইঙ্গিত দেয়। ভদ্র ও সম্মানজনক ব্যবহার ভাল চরিত্রের পরিচয়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই লক্ষণগুলো দেখে শুধুমাত্র প্রাথমিক ধারণা পাওয়া যায়। কারও সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে সময় নিয়ে ভালভাবে জানা জরুরি।প্রথম দেখায় কিছুটা ধারণা পাওয়া সম্ভব হলেও, একজন মানুষের আসল চরিত্র বুঝতে হলে সময়ই সবচেয়ে বড় ভরসা।