ট্রেনের বাথরুমে কোনও জিনিস হারিয়ে গেলে তা পাওয়ার আশা থাকে না। কিন্তু সম্প্রতি এক ঘটনায় ভারতীয় রেলকর্মীদের নিয়ে হইচই পড়ে গিয়েছে৷ নর্দমার ময়লা ঘেঁটে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে রেলকর্মী উদ্ধার করলেন এক যাত্রীর লাখ টাকার সোনার আংটি। ঘটনাটি আহমেদাবাদের৷
বান্দ্রা টার্মিনাস–ভুজ স্পেশাল (ট্রেন নং ০৯০৩৭)-এর বি-৮ কোচের শৌচাগার ব্যবহার করতে গিয়েই বিপত্তি ঘটে এক যাত্রীর। অসাবধানতায় তাঁর আঙুল থেকে খুলে পড়ে যায় লাখ টাকার সোনার আংটি। বাথরুমের পাইপ বেয়ে আঙটি চলে যায় শৌচাগারের নীচের ময়লা-ট্যাঙ্কে।
আহমেদাবাদ স্টেশনে ট্রেন পৌঁছানোমাত্রই কাজে নেমে পড়ে রেলকর্মীদের একটি দল। ঘণ্টার পর ঘণ্টা সেপটিক ট্যাঙ্ক, পাইপলাইন ও দুর্গন্ধের মধ্যে তাঁরা পরিশ্রম করেন। অবশেষে, সেই হারিয়ে যাওয়া আংটি ফিরে আসে যাত্রীর হাতে।
আহমেদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) বেদ প্রকাশ এক্স হ্যান্ডলে এই ঘটনা জানিয়েছেন৷ তিনি লিখেছেন— “আংটি যখন যাত্রীকে ফিরিয়ে দেওয়া হল, তাঁর আনন্দ দেখার মতো ছিল। ভারতীয় রেল শুধু যাত্রীদের গন্তব্যে পৌঁছায় না— যাত্রীদের বিশ্বাস ও আবেগও সুরক্ষিত রাখে।”
এই ঘটনায় নেটিজেনরা উচ্ছ্বসিত। এক ব্যবহারকারী লিখেছেন, “এঁদের মনোবল বাড়াতে পদোন্নতি বা নগদ পুরস্কার দেওয়া হোক৷"
আরেকজন মন্তব্য করেছেন, “ধন্যবাদ আহমেদাবাদ ডিআরএম দলকে। সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছেন, এঁরাই প্রকৃত নায়ক।”
ভারতীয় রেলের ‘অপারেশন আমানত’ কর্মসূচির অধীনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) প্রতিদিন এমন কাজই করে চলেছে। ফোন, ল্যাপটপ, ওয়ালেট, গয়না, এমনকি পরিচয়পত্র— সবই ফেরত যাচ্ছে আসল মালিকের হাতে।















