গরমে এক থালা ঠান্ডা পান্তাভাতে  বাঙালির চিরচেনা আরামের স্বাদ। বাংলার গ্রামাঞ্চলে বহু বছর ধরে জনপ্রিয় পান্তা। এখন আবার শহরের রেস্তরাঁতেও নতুন সাজে নানা ধরনের পান্তাভাত পরিবেশন করা হয়। সাধারণ ভাতকে রাতভর জলে ভিজিয়ে তৈরি হওয়া এই খাবার শরীর ঠান্ডা রাখে, হজমেও সাহায্য করে। পয়লা বৈশাখ থেকে শুরু করে গরমের অলস দুপুর, পান্তাভাতের তৃপ্তি সবসময়ই আলাদা। রইল কয়েক ধরনের পান্তাভাতের বিশদ রেসিপি।


ঐতিহ্যবাহী পান্তাভাত

উপকরণ: আগের দিনের ভাত ২ কাপ, ঠান্ডা জল ৩ থেকে ৪ কাপ, পেঁয়াজ কুচি ১টি, কাঁচালঙ্কা ৩-৪টি, নুন স্বাদমতো, সর্ষের তেল ১ চা চামচ (ঐচ্ছিক), 


প্রণালী: প্রথমে আগের দিনের ভাত একটি বড় পাত্রে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত ঠান্ডা জল ঢেলে রাখুন।  এমনভাবে জল দেবেন যাতে ভাত পুরোপুরি ডুবে থাকে। এরপর পাত্রটি ঢেকে সারা রাত রেখে দিন। গরমের দিনে ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যেই ভাতে হালকা টক ও ফারমেন্টেড স্বাদ চলে আসে। পরদিন সকালে ভাত থেকে সামান্য জল ঝরিয়ে নিন। কেউ বেশি জল দিয়ে খেতে পছন্দ করেন, আবার কেউ কম জল রাখেন। এবার এতে নুন, পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা মিশিয়ে নিন। ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদ আরও বেড়ে যায়। এই পান্তাভাতের সঙ্গে আলুভর্তা, বেগুনভর্তা, শুকনো লঙ্কা ভাজা বা ডিমভাজা খেতে দারুণ লাগে। 


সর্ষে-ঝাল পান্তা

উপকরণ: পান্তাভাত ২ কাপ, সর্ষে বাটা ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চা চামচ, সর্ষের তেল ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, পেঁয়াজ কুচি সামান্য


প্রণালী: প্রথমে সর্ষে বাটার সঙ্গে কাঁচালঙ্কা বাটা ও সামান্য নুন মিশিয়ে নিন। এবার পান্তাভাতের মধ্যে এই মিশ্রণটি ভালভাবে মাখিয়ে রাখুন। এরপর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিন। এই পান্তাভাতের স্বাদ একটু ঝাঁঝালো ও মশলাদার হয়। যারা ঝাল খেতে ভালবাসেন, তাদের জন্য এটি আদর্শ। সঙ্গে মাছ ভাজা বা আলুভাজা দিলে খেতে আরও ভাল লাগে।


টকদই পান্তাভাত


উপকরণ: পান্তাভাত ২ কাপ, টকদই আধা কাপ শসা কুচি আধা কাপ, ভাজা জিরেগুঁড়ো আধা চা চামচ, ধনেপাতা কুচি, নুন, 


প্রণালী: একটি বড় বাটিতে পান্তাভাত নিয়ে তার সঙ্গে টকদই মিশিয়ে নিন। এরপর শসা কুচি, জিরেগুঁড়ো ও ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে সামান্য বিট নুনও দিতে পারেন। এই পান্তাভাত খুবই হালকা ও ঠান্ডা প্রকৃতির। প্রচণ্ড গরমে শরীরকে সতেজ রাখতে এটি বেশ উপকারী।


কাঁচা আমের পান্তা


উপকরণ: পান্তাভাত ২ কাপ, কাঁচা আম কুচি আধা কাপ, শুকনো লঙ্কা ২টি, সর্ষের তেল ১ চা চামচ, নুন স্বাদমতো


প্রস্তুত প্রণালী: প্রথমে শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে নিন। এবার জল দিয়ে ভেজানো ভাতের সঙ্গে কাঁচা আম কুচি ও নুন মিশিয়ে নিন। ওপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল ছড়িয়ে দিন। কাঁচা আমের টক স্বাদ পান্তাভাতকে আরও মুখরোচক করে তোলে। গরমের দুপুরে এই পান্তা খেলে স্বাদের সঙ্গে তৃপ্তিও বজায় থাকবে।